একটি সশস্ত্র দল ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক তৈরি করছে। ছবি: খবরের কাগজ
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও বিসিক শিল্প এলাকায় আবারও দিনদুপুরে অস্ত্রধারী সন্ত্রাসীদের মহড়া দেওয়া ঘটনা ঘটেছে। পরে মোবাইলফোনে যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা দাবি করা হয়।
শনিবার (২০ জুন) পাঁচ যুবক ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক তৈরি করে।
এ ঘটনায়ও দুবাই পালিয়ে থাকা বড় সাজ্জাদ গ্রুপের ক্যাডারদের জড়িত থাকার সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগেও চট্টগ্রামের নগরীর বিভিন্ন এলাকায় গুলি চালিয়ে কয়েকজনকে হত্যা ও আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ রয়েছে শিবির ক্যাডার বড় সাজ্জাদের বিরুদ্ধে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার চান্দগাঁও বিসিক শিল্প এলাকার ইয়ুনুস্কো (এসটিএস) গ্রুপের সামনের সড়কে অবস্থান নেয় পাঁচ যুবকের একটি দল। তারা সেখানে আকস্মিকভাবে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
সিসিটিভি ফুটেজেও দেখা গেছে, যুবকরা চাঁদার দাবিতে ইয়ুনুস্কো প্রতিষ্ঠানে ঢোকার আগে হাতে থাকা পিস্তল থেকে কয়েক রাউন্ড গুলি ছুড়ছে। ঘটনার কিছুক্ষণ পরই ৪ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলার প্রার্থী হিসেবে পরিচিত স্থানীয় এক যুবদল নেতাকে মুঠোফোনে হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগীর ঘনিষ্ঠজনদের দাবি, ফোনে ওই নেতাকে অত্যন্ত খারাপ ভাষায় হুমকি দিয়ে বলা হয়, ‘তোকে প্রথমে পায়ে গুলি করব, তোর কোন বাপ তোকে বাঁচায় দেখব।’
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে চান্দগাঁও শিল্প এলাকায় বেশ কয়েকটি গুলির ঘটনা ঘটে, যা এই অঞ্চলের শিল্প ও বাণিজ্যিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘শনিবার পাঁচজন সন্ত্রাসী চাঁদার দাবিতে এই ঘটনাটি ঘটিয়েছে বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। সংশ্লিষ্ট যুবদল নেতাসহ ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তবে তারা এখনো কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ না পেলেও পুলিশের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।'
আজহার/অমিয়/