চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় একটি ফ্ল্যাটের রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- সাখাওয়াত (৪৬), রানী (৪০), সুমন (৪০), পাখি (৩৫), শিপন (৩২), উম্মে আয়ন (১০), শাওন (১৭), আনাস (৭) ও আয়েশা (৪)।
তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
এর মধ্যে রানী, পাখি এবং সাখাওয়াতের শরীর শতভাগ পুড়ে গেছে। এছাড়া একজনের ৮০, একজনের ৪৫ এবং বাকিদের শরীর ২০- ২৫ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, সোমবার রাতে হালিমা মঞ্জিলের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সংযোগ লিক হয়। এরপর গ্যাস রান্না ঘর থেকে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ভোর সাড়ে ৪টার দিকে চুলায় আগুন জ্বালাতে গেলে আগুন রান্নাঘর থেকে সারা ঘরে ছড়িয়ে পড়ে। এতে নয়জনই দগ্ধ হন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী আলমগীর হোসেন বলেন, গ্যাস লিকেজ থেকে আগুন লেগেছে। ওই বাসায় মূলত দুই ভাইয়ের পরিবার থাকেন। সম্প্রতি বিদেশ থেকে তাদের আরেক ভাই দেশে এসে চিকিৎসার জন্য বাসাটিতে পরিবার নিয়ে অবস্থান করছিলেন। তিন পরিবারের সদস্যরাই আগুনে দগ্ধ হয়েছেন।
অমিয়/