চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় একটি ফ্ল্যাটের রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। শিশুসহ বাকি চারজন দগ্ধ বর্তমানে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। তবে তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. সাখাওয়াত হোসেন (৪৬) ও আশুরা আক্তার পাখি (৩৫)। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শরীরের প্রায় শতভাগ দগ্ধ হয়েছিল। বর্তমানে চিকিৎসাধীন বাকি চারজনের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার দুপুরে মারা যান সামির আহমেদ সুমন (৪০)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) হাসপাতালে নেয়ার আগেই মারা যান নুরজাহান আক্তার রানী (৪০)। সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পৌছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেদিন রাত ১টার তার ১৭ বছর বয়সী ছেলে শাওনের মৃত্যু হয়।
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন বাকি চারজন হলেন, মো. শিপন (৩২), উম্মে আইমন (১০), মো. আনাস (৭) ও আয়েশা (৪)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের তথ্য অনুযায়ী, দগ্ধ ব্যক্তিদের মধ্যে মো. শিপনের শ্বাসনালির ৮০ শতাংশ পুড়েছে। তিন শিশু মো. আনাস, উম্মে আইমন ও আয়েশা আক্তারের ২০ থেকে ২৫ শতাংশ পুড়ে গেছে।
জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৪টায় নগরের হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদ সংলগ্ন হালিমা মঞ্জিল নামে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাস সংযোগ লিক হয়। এরপর গ্যাস রান্না ঘর থেকে পুরো ঘরে ছড়িয়ে পড়ে৷ ভোর সাড়ে ৪টার দিকে চুলার আগুন জ্বালাতে গেলে আগুন রান্নাঘর থেকে সারা ঘরে ছড়িয়ে পড়ে। এতে নয়জনই দগ্ধ হন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের ওই দুটি ফ্ল্যাটের দেয়াল ও জানালার কাঁচ ভেঙে গেছে।
ঘটনার কারণ খতিয়ে দেখতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে এবং তিন কর্ম অধিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে কর্তৃপক্ষ। অপরদিকে ফায়ার সার্ভিস ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
নাঈম/