মুন্সীগঞ্জে আলু খেতে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে এক শিশুর হাতের আঙুল ছিন্নভিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মোস্তাকিম (৮) মুন্সিকান্দি এলাকার আল আমিনের ছেলে।
শিশুটির বাবা আল আমিন বলেন, ‘দুপুরে আমাদের অগোচরে খেলতে খেলতে মোস্তাকিম আলু খেতের দিকে যায়। এরপর হঠাৎ বিস্ফোরণের শব্দ পেয়ে আমরা ছুটে গেলে দেখি চারিদিকে রক্ত আর আমার ছেলে পড়ে আছে। এ সময় পাশেই ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পাই। পরে দ্রুত কাপড় দিয়ে হাত-পা পেঁচিয়ে হাসপাতালে নিয়ে যাই।’
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস হাসান বলেন, ‘বিস্ফোরণে ওই শিশুর ডান হাতের সবকটি আঙুল ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। আঘাত লেগেছে ডান পায়েও। বিকেল ৪টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। পরে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠিয়েছি।’
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
এসজি/