সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় দিনের বেলা প্রকাশ্যে সিএনজিচালিত অটোরিকশা আটকে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় রশিদ আহমদ ওরফে রশিদ আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক রশিদ আহমদ ওরফে রশিদ আলী জেলার কানাইঘাট থানার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা।
বুধবার (১১ মার্চ) ভোরে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানা পুলিশের একটি দল কানাইঘাট থানা পুলিশের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে বিমানবন্দর থানায় নিয়ে আসা হয়ে।
এসএমপির মিডিয়া শাখা থেকে জানানো হয়েছে, আটক রশিদ আলী আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। হাউজিং এস্টেট এলাকায় সিএনজি অটোরিকশা থামিয়ে ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সিসিটিভি ফুটেজে যাকে দেখা গেছে তিনি রশিদ আলী বলে পুলিশ ধারণা করছে।
এর আগে গত মাসের ২৪ ফেব্রুয়ারি সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকার ভেতরের সড়কে সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে ছিনতাইয়ের ঘটনা ঘটে। তিনটি মোটরসাইকেলে এসে ছয়জন ব্যক্তি অটোরিকশাটি থামিয়ে যাত্রী ইয়াসমিন আক্তারের কাছ থেকে একটি ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। এরপর এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নগরবাসীর উদ্বেগ বেড়ে যায় এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি অটোরিকশা হাউজিং এস্টেটের ভেতরের সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় তিনটি মোটরসাইকেলে কয়েকজন ব্যক্তি এসে অটোরিকশার গতিরোধ করে। তাদের মধ্যে একজন মোটরসাইকেল থেকে নেমে অটোরিকশার ভেতরে থাকা ব্যাগটি ধরে টানাহেঁচড়া শুরু করে। কিছুক্ষণ টানাহেঁচড়ার পর ব্যাগটি নিয়ে মোটরসাইকেল আরোহীরা দ্রুত সেখান থেকে চলে যায়। এ সময় অটোরিকশা থেকে নেমে ওই নারীকে চিৎকার করতে দেখা যায়।
পরে এ ঘটনায় ভুক্তভোগী ইয়াসমিন আক্তার এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি সূত্রে জানা যায়, কর পরিদর্শক ইয়াসমিন আক্তার অফিস থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে বাসায় ফিরছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি অটোরিকশা থামিয়ে তার ভ্যানিটি ব্যাগ নিয়ে যায়। ব্যাগে আনুমানিক ১৫–২০ হাজার টাকা, স্বাক্ষর করা কয়েকটি চেকের পাতা, আইফোন ও এটিএম কার্ড ছিল। তবে ছিনতাইকারীরা ব্যাগ থেকে টাকা নেওয়ার পর আইফোন ও এটিএম কার্ড একটি রেস্টুরেন্টের সামনে ফেলে যায়।
এসএমপির মিডিয়া শাখা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রশিদকে আটকের তথ্য নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হবে বলে জানানো হয়েছে।
রিফাত/