দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং নারী-পুরুষসহ সাতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সকাল ৮টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ পৌর শহরের উপজেলা পরিষদের সামনে একটি দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন কাপড়, সেমাই ও চিনি নিয়ে বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেন নুর ইসলাম (৩১) ও রয়েল (৩৫)। পথে উপজেলা পরিষদের সামনে পৌঁছালে একটি দ্রুতগতির যানবাহনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে।
এতে মোটরসাইকেলের আরোহী নুর ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। তিনি দিনাজপুরের বিরল উপজেলার কাঠারিপাড়া গ্রামের মো. রজব আলীর ছেলে। দুর্ঘটনায় মোটরসাইকেলচালক রয়েল গুরুতর আহত হন। তিনি বিরল উপজেলার মির্জাপুর বজরাপুর গ্রামের মমিনুল ইসলামের ছেলে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সুজালপুর ইউনিয়নের মদনপুর ভাঙ্গাপুল এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনা ঘটে। এ সময় বালুবোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশা (চার্জার) মুখোমুখি সংঘর্ষে বন্দারু রায় (২০) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হন।
নিহত বন্দারু রায় দিনাজপুরের বিরল উপজেলার বাজনারহার এলাকার ব্রিটিশ রায়ের ছেলে। এ ঘটনায় অটোরিকশায় থাকা ছয়জন যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সকালে নিহত নুর ইসলামের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া রাতের দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত বন্দারু রায়ের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেলিম/রিফাত/