মেহেরপুর সদর উপজেলার হিজুলী ঈদগাঁপাড়ায় অবৈধ মাটি উত্তোলনের সংবাদ সংগ্রহে গিয়ে দুই সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এসময় সানি আহমেদ নামের এক মাটিখেকো সাংবাদিকদের পুড়িয়ে মারার হুমকি দেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং থানায় মামলার প্রস্তুতি চলছে। সাংবাদিক নেতারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার হিজুলী ঈদগাঁপাড়ায় দীর্ঘদিন ধরে অবৈধ মাটি উত্তোলনের ঘটনা ঘটছে। এতে গ্রামের বিভিন্ন কাঁচা ও পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, মাটি কাটার কারণে অনেক রাস্তা গভীর গর্তে পরিণত হয়ে এলাকাবাসীর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এছাড়াও আইনে ফসলি জমির মাটি কাটার কোনো অনুমোদন নেই। অবৈধভাবে এ কার্যক্রম চালাচ্ছে একটি চক্র।
সাংবাদিকেরা জানান, বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে বিষয়টি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে হিজুলী গ্রামের ইয়ারুল ইসলামের ছেলে সানি আহমেদ নামের এক ব্যক্তি রাজনৈতিক প্রভাব দেখিয়ে দৈনিক কালবেলার সাংবাদিক কৌশিক বাপ্পি ও দৈনিক মাথাভাঙ্গার সাংবাদিক মীর শামীমকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এ বিষয়ে সংবাদ প্রকাশ করা হলে তাদের পুড়িয়ে মারা হবে।
দৈনিক কালবেলার সাংবাদিক কৌশিক বাপ্পি বলেন, অবৈধভাবে মাটি উত্তোলনের খবর পেয়ে আমরা সেখানে যায়। আমাদের উপস্থিতি দেখে একদল লোক এসে ভিডিও করলে পুড়িয়ে হত্যা করার হুমকি দেয়। এ ঘটনায় আমরা শঙ্কিত।
মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভি জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিক বলেন, সংবাদ সংগ্রহে গিয়ে হত্যার হুমকি পাওয়া সাংবাদিকদের জন্য উদ্বেগজনক। আমরা আশা করবো প্রশাসন দোষীদের বিরুদ্ধে দ্রুত আশানুরুপ ব্যবস্থা গ্রহণ করবে।
এ বিষয়ে মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
তারেক/মাহফুজ