ঢাকা ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সর্বশেষ
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস বাজেট বাস্তবায়নের প্রধান ৭ বাধা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ৩ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের কানাডায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিল উত্থাপন রাসুল (সা.)-এর পিঠে কেমন ছিল মোহরে নবুওয়াত? টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন বাজেটের আগে স্বর্ণের দামে বড় পতন বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী টিভিতে আজকের খেলা মাস্টারকার্ড বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা হরমুজ প্রণালী দিয়ে গোপনে ১০ কোটি ব্যারেল তেল পার করা: ট্রাম্প শেরপুরে মেসির প্রতিকৃতি আর আর্জেন্টিনার রঙে সেজেছে বাস চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২১ শিশু ভর্তি রংপুরে মিনিবাসের চাকা ফেটে নিহত ১, আহত ৩৪ সালথায় মাদরাসাশিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ সুপারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা, জবাবে হরমুজ প্রণালী বন্ধ করল ইরান ব্র্যাক ইউনিভার্সিটিতে সামার ২০২৬ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত এনআইএলএস এআইইউবি চ্যাপ্টারের উদ্বোধনী অনুষ্ঠিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামবেন হাতিয়ার লক্ষাধিক জেলে প্রিমিয়ার ব্যাংক নিয়ে এলো অত্যাধুনিক ট্রেডিং প্ল্যাটফর্ম ২৮ ঘণ্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ইতালির স্বপ্নে লিবিয়ায় নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল চট্টগ্রামে পিডিবি প্রকৌশলী লাঞ্ছিত সর্বত্র রাজস্ব জাল বিছানো হয়েছে খেলোয়াড়ের চেয়ে কম বয়সী কোচ নিয়ে বিশ্বকাপ চ্যালেঞ্জ জার্মানির ফেনীতে গ্যাসবোঝাই ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ২ চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বাস্থ্যকর্মীর পুলিশি অভিযানে পণ্ড আ.লীগ নেতা-কর্মীদের খিচুড়ি পার্টি, আটক ২
Nagad desktop

ঈশ্বরদীতে ইফতার খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১২:৩১ পিএম
আপডেট: ১৭ মার্চ ২০২৬, ১২:৩৪ পিএম
ঈশ্বরদীতে ইফতার খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি
ছবি: খবরের কাগজ

পাবনার ঈশ্বরদীর বিডি ক্রিয়েশন নামে পাপস (হস্তশিল্প) তৈরির কারখানায় ইফতার খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের মধ্যে অধিকাংশই নারী। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দাশুড়িয়ার বিভিন্ন ক্লিনিক ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) রাতে দাশুড়িয়া ইউনিয়নের মনসিদপুরে এ ঘটনা ঘটে। 

চিকিৎসকদের মতে, খাবার থেকেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।

কারখানার শ্রমিকরা জানান, রমজান উপলক্ষে সোমবার সন্ধ্যায় শ্রমিকদের জন্য ইফতারের আয়োজন করে কারখানা কর্তৃপক্ষ। এ ইফতার অনুষ্ঠানে প্রায় ৩৫০ জন শ্রমিক অংশ নেন। ইফতারিতে ছিল ছোলা, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ ও খাবার স্যালাইন। এসব খাবার খাওয়ার পরপরই শ্রমিকদের মধ্যে বমি, পেটে ব্যথা ও পাতলা পায়খানার উপসর্গ দেখা দেয়। অনেকে পেটে জ্বালা-যন্ত্রণা অনুভব করে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

সোমবার রাত ১০টা পর্যন্ত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ শ্রমিকদের মধ্যে ৩০-৩৫ জন চিকিৎসার জন্য ভর্তি হন। কারখানার কয়েকজন শ্রমিক জানান, ইফতারে দেওয়া ছোলা, মুড়ি ও আলুর চপ খাওয়ার পরপরই পেটে অসহনীয় ব্যথা, জ্বালা-যন্ত্রণা ও বমি শুরু হয়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান সোমবার রাতে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ায় কারখানার শ্রমিকরা আক্রান্ত হয়েছেন। তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আশা করা যাচ্ছে, তারা সুস্থ হয়ে উঠবেন।

এদিকে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান।

তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

জাহাঙ্গীর/রিফাত/

শেরপুরে মেসির প্রতিকৃতি আর আর্জেন্টিনার রঙে সেজেছে বাস

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:৩৫ এএম
শেরপুরে মেসির প্রতিকৃতি আর আর্জেন্টিনার রঙে সেজেছে বাস
মেসির প্রতিকৃতি আর আর্জেন্টিনার রঙে সেজেছে বাস। ছবি: খবরের কাগজ

ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে শুরু হয়েছে সমর্থকদের নানা আয়োজন। প্রিয় দলের পতাকা টাঙানো, বাড়িঘর রঙ করা কিংবা ব্যানার-পোস্টারে সাজানোর দৃশ্য প্রায়ই দেখা যায়। তবে, শেরপুরের নালিতাবাড়ীতে এক পরিবহন ব্যবসায়ী নিজের ভালোবাসার দল আর্জেন্টিনাকে ভিন্নভাবে সাজিয়ে তৈরি করেছেন এক ব্যতিক্রমী নজির।

উপজেলার পরিবহন উদ্যোক্তা ও মাকসিম ট্রাভেলসের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া মাকসিম তার প্রতিষ্ঠানের একটি যাত্রীবাহী বাসকে সাজিয়েছেন আর্জেন্টিনার জাতীয় দলের আদলে।

নীল-সাদা রঙে মোড়ানো বাসটির গায়ে ফুটে উঠেছে বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির বড় আকৃতির প্রতিকৃতি, যা সহজেই পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে। বাসটির নকশায় আর্জেন্টিনার প্রতি ভালোবাসার প্রকাশ থাকলেও দেশের প্রতি শ্রদ্ধা জানাতে মাঝামাঝি অংশে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। পাশাপাশি বড় অক্ষরে লেখা হয়েছে ‘সবার আগে বাংলাদেশ’।

স্থানীয়রা জানান, বাসটি সড়কে চলাচল শুরু করার পর থেকেই এলাকায় ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকেই বাসটির ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। ফলে বিষয়টি দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

জানা গেছে, মাকসিম ট্রাভেলসের বাসটি প্রতিদিন দুপুর ১২টায় নালিতাবাড়ী থেকে ঢাকার মহাখালীর উদ্দেশ্যে ছেড়ে যায়। আবার রাত ৮টায় মহাখালী থেকে নালিতাবাড়ীর পথে যাত্রা শুরু করে। ফুটবল দলের থিমে পুরো একটি যাত্রীবাহী বাস সাজানোর এমন উদ্যোগ স্থানীয়ভাবে প্রথম হওয়ায় যাত্রীদের মধ্যেও বাড়তি আগ্রহ দেখা দিয়েছে।

আর্জেন্টিনা সমর্থক বাবু চক্রবর্তী বলেন, বিশ্বকাপ এলেই নানা ধরনের সাজসজ্জা চোখে পড়ে। কিন্তু একটি যাত্রীবাহী বাসকে এভাবে পুরোপুরি আর্জেন্টিনার পরিচয়ে সাজানো সত্যিই ব্যতিক্রমী। বাসটি দেখেই ফুটবল উৎসবের আবহ অনুভব করা যায়।

আরেক সমর্থক তারিকুল ইসলাম বলেন, মেসির ছবি ও আর্জেন্টিনার রঙে সাজানো বাসটি প্রথম দেখেই ভালো লেগেছে। এটি শুধু সমর্থনের প্রকাশ নয়, ফুটবলপ্রেমীদের জন্যও একটি আকর্ষণীয় উদ্যোগ। এমন আয়োজন এলাকার মানুষের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করেছে।

সিনিয়র সাংবাদিক আব্দুল মান্নান সোহেল বলেন, বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন ধরনের আয়োজন দেখা গেলেও এই বাসটি বিশেষভাবে মানুষের নজর কাড়ছে। এটি এখন শুধু একটি যানবাহন নয়, বরং ফুটবলপ্রেমীদের আগ্রহ ও আবেগের প্রতীক হয়ে উঠেছে।

উদ্যোক্তা গোলাম কিবরিয়া মাকসিম বলেন, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনা দলের সমর্থক। বিশ্বকাপের সময় ফুটবল ঘিরে মানুষের যে আনন্দ-উচ্ছ্বাস তৈরি হয়, সেই আবহকে আরও প্রাণবন্ত করে তুলতেই তিনি বাসটিকে নতুন রূপ দিয়েছেন। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি আমি চেয়েছি যাত্রী ও সাধারণ মানুষের মাঝে উৎসবের অনুভূতি ছড়িয়ে দিতে। বাসটি সড়কে নামার পর মানুষের ইতিবাচক সাড়া আমাকে আরও অনুপ্রাণিত করেছে। আমি আর্জেন্টিনার সমর্থক হলেও দেশের পরিচয়ই সবার আগে। সে কারণেই বাসে বাংলাদেশের পতাকা এবং ‘সবার আগে বাংলাদেশ’ বার্তাটি বিশেষভাবে তুলে ধরার চেষ্টা করেছি।

শাকিল মুরাদ/অন্তরা

চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:৩৫ এএম
চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু
নিহত বড় ভাই শাহাবুদ্দিন (বামে) ও ছোট ভাই মোহাম্মদ পেয়ারুল ইসলাম (ডানে)। ছবি: পরিবারের সৌজন্যে

চট্টগ্রাম নগরীর ২নং গেইট এলাকায় ট্রেন দুর্ঘটনায় শাহাবুদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি ন্যাশনাল ব্যাংকের সাবেক ম্যানেজার এবং বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রবির বড় ভাই। বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে ছোট ভাই মোহাম্মদ পেয়ারুল ইসলামও (৬৪) মারা গেছেন। একই দিনে দুই সহোদরের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (১০ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শাহাবুদ্দিন ও মোহাম্মদ পেয়ারু বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চাঁপাছড়ি এলাকার মৃত ছাবের আহমদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় শাহাবুদ্দিন চট্টগ্রাম নগরীর ২নং গেইট এলাকায় পরিবারের প্রয়োজনীয় জিনিস কেনাকাটা শেষে বাসায় ফেরার পথে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই ও বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রবি জানান, বড় ভাই শাহাবুদ্দিনের মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছানোর পর অসুস্থ মোহাম্মদ পেয়ারুল ইসলাম গভীরভাবে মর্মাহত হন। একপর্যায়ে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম শহরের রহমান নগরস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

একই দিনে দুই সহোদরের মৃত্যুর ঘটনায় পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে। দুই ভাইয়ের করুণ মৃত্যুতে তাদের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

শফকত/নাঈম

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২১ শিশু ভর্তি

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:৩২ এএম
আপডেট: ১১ জুন ২০২৬, ১০:৩৩ এএম
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২১ শিশু ভর্তি
ছবি: খবরের কাগজ

হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ২১টি শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ৮৮টি শিশু।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইন উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে ১১ জুন সকাল পর্যন্ত হাম উপসর্গ নিয়ে মোট ২ হাজার ২৫টি শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬টি শিশু। এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ১ হাজার ৮৮৯টি শিশু। সেখানে এ পর্যন্ত মোট ৪৯টি শিশুর মৃত্যু হয়েছে।

কামরুজ্জামান/আমান

রংপুরে মিনিবাসের চাকা ফেটে নিহত ১, আহত ৩৪

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:১০ এএম
আপডেট: ১১ জুন ২০২৬, ১১:৪৬ এএম
রংপুরে মিনিবাসের চাকা ফেটে নিহত ১, আহত ৩৪
রংপুরের পায়রাবন্দে চাকা ফেটে মহাসড়কের আইল্যান্ডে উঠে যাওয়া দুর্ঘটনাকবলিত মিনিবাস ছবি: খবরের কাগজ

রংপুরে একটি মিনিবাসের চাকা ফেটে আইল্যান্ডে উঠে গেলে এতে এক নারীর মৃত্যু এবং অন্তত ৩৪ জন আহত হয়েছেন। নিহত নারীর পরিচয় মেলেনি।

বুধবার (১০ জুন) রাত ১১টার দিকে রংপুরের পায়রাবন্দের তারাগঞ্জ বাজারে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পীরগঞ্জগামী একটি লোকাল মিনিবাসের ডান পাশের সামনের চাকা হঠাৎ ফেটে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডের উপরের সিগন্যাল পিলারের সাথে ধাক্কা খায়। এতে এক বৃদ্ধা নিহত হন। তার মরদেহ মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় আহত ৩৪ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

সেলিম সরকার/আজহার

সালথায় মাদরাসাশিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ সুপারের বিরুদ্ধে

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:১০ এএম
আপডেট: ১১ জুন ২০২৬, ১১:৩৭ এএম
সালথায় মাদরাসাশিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ সুপারের বিরুদ্ধে
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী বাজার সংলগ্ন জগজ ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মো. ইব্রাহীম হোসাইনের বিরুদ্ধে মাদরাসাশিক্ষার্থীকে কুপ্রস্তাব দেওয়া ও মানসিক হয়রানির অভিযোগ উঠেছে। 
 
গত মঙ্গলবার (৯ জুন) সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন ওই শিক্ষার্থী।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে মাদরাসার সুপার শিক্ষার্থীকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। শিক্ষার্থী তার প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাকে নানাভাবে মানসিক চাপ প্রয়োগ করা হয়। এমনকি চলতি দাখিল পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শিক্ষার্থী অভিযোগে আরও বলেন, ‘দীর্ঘদিন বিষয়টি সহ্য করার পর তিনি তার বাবা-মাকে বিষয়টি জানান। পরে তার মা মাদরাসায় গিয়ে সুপারের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তাকে অপমানজনক আচরণ ও গালিগালাজ করে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতির কাছেও অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি।’

তবে অভিযোগের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন মাদরাসার সুপার মো. ইব্রাহীম হোসাইন। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে আমি কিছুই জানি না। আমি প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই। তদন্তে যদি আমি দোষী প্রমাণিত হই, তাহলে আইন অনুযায়ী যে কোনো শাস্তি মেনে নেব। আর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে আমাকে যারা হয়রানি করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।’ 
 
শিক্ষার্থীর মাকে গালিগালাজ করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি একজন শিক্ষক। কোনো শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার প্রশ্নই আসে না।’

জগজ ইসলামিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম পিকুল মোল্লা বলেন, ‘সুপারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগের কথা শুনেছি। অভিযোগের সত্যতা যাচাইয়ে সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে নিশ্চিত করতে হবে, যেন কোনো নির্দোষ ব্যক্তির সুনাম ক্ষুণ্ন না হয়।’

এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগটি পেয়েছি এবং বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

এনকেবি নয়ন/খাদিজা রুমি/