নাটোরের লালপুরে বালুবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত চারজন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে দক্ষিণ লালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই উপজেলার ছোটবাদকয়া গ্রামের জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫০), সেকেনের ছেলে মনির হোসেন (২৭) এবং একই গ্রামের বাবুল (৪০)।
আহতরা হলেন- বড়বাদকয়া গ্রামের ওয়াজেদের ছেলে মিঠুন (৩০), ভেল্লাবাড়িয়া গ্রামের সিদ্দিক আলীর ছেলে গোলাম রাব্বী, ফজলুর রহমানের ছেলে রাজিবুল ইসলাম (২৬) এবং রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মজনু (৩৫)।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, পাবনার ঈশ্বরদী থেকে বালুবোঝাই একটি ট্রাক লালপুরের দিকে যাচ্ছিল। পথে দক্ষিণ লালপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারালে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
ওসি জানান, এ সময় ট্রাকটি সড়কের পাশের একটি বাড়ির দেয়ালে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং মরদেহ দুইটি পুলিশ হেফাজতে নেওয়া হয়।
তিনি জানান, পরে সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে বাবুল হোসেন নামে আরও একজন মারা যান।
কামাল মৃধা/অমিয়/