ঢাকা ২ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সর্বশেষ
বাংলাদেশ ব্যাংকের সম্মাননা পেল ইউসিবি এআই চশমার ত্রুটি-বিচ্যুতি গাজীপুর-নারায়ণগঞ্জের অংশ মিশছে ঢাকায় মুরগির দাম বেড়েছে, ডিম ও মাছের দাম স্থিতিশীল জিডিপির প্রবৃদ্ধি অর্জনের স্বপ্ন বহুদূর! দক্ষিণাঞ্চলে পেঁপে চাষে নীরব বিপ্লব বেনজীরকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন ফাউন্ডেশন বেসরকারি ব্যবস্থাপনায় পাটকল চালু হবে শেষ মহাকাব্যের অপেক্ষায় মেসি ১৬ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল চট্টগ্রামে সড়ক বিভাজকের লোহার পাতে ঝুঁকি ১৬ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল দুই দিনে ইসলামী ব্যাংককে ৫ হাজার কোটি টাকা ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতির চাপ মোকাবিলা অগ্রাধিকার বড় প্রতিষ্ঠানে ভর করে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার সবুজ পাতায় সাদা ফুলের গালিচা উপদেষ্টাকে ঘিরে আবার উত্তেজনায় ঢাকা-দিল্লি ১৬ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয়বঞ্চিত মিশর ২৬ বছরে অভিষেক, বিশ্বকাপে স্পেনকে স্তব্ধ করে দেওয়া কে এই গোলরক্ষক? প্রথমার্ধে বেলজিয়ামের বিপক্ষে এগিয়ে মিশর বিশ্বকাপ ইতিহাসে নাম লেখালেন ভোজিনিয়া-ইয়ামাল শক্তিশালী স্পেনকে রুখে দিল নবাগত কেপ ভার্দে বিশ্বকাপ অভিষেকে রেকর্ড গড়ল কেপ ভার্দে দুই ছেলের নামে ২ ইউনিয়নের নামকরণ নিয়ে যা জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী প্রথমার্ধে স্পেনকে আটকে দিল কেপ ভার্দে চট্টগ্রামে মেরিন সার্ভেয়ারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মতলবে বৃদ্ধকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
Nagad desktop

রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০২:২৩ পিএম
রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

সোমবার (২৩ মার্চ) রাতে উপজেলার তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের  দিঘীবরাব বৌবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় । এ সময় ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- দিঘীবরাব এলাকার মৃত রাসেল মিয়ার ছেলে আফজাল খান ও একই এলাকার মোহাম্মদ  ইসলামের  ছেলে আব্বাস।

মঙ্গলবার দুপুরে  রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, উপজেলার তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দিঘীবরাব বৌবাজার এলাকায় অভিযুক্তরা ভুক্তভোগী নারীর ঘরে ঢুকে তার মুখ চেপে ধরেন এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখান। এ সময় তার স্বামী এগিয়ে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। অভিযুক্তরা হুমকি দেন, তাদের কথা না শুনলে ভুক্তভোগী নারী, তার স্বামী ও ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে। এক পর্যায়ে স্বামীর গলায় ছুরি ধরে প্রথমে আব্বাস ও পরে আফজাল খান ওই নারীকে ধর্ষণ করে। পরে ওই বাসা থেকে তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী নিজেই বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। 
এই ঘটনায় যদি আরও কেউ জড়িত থাকে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

রুবেল শিকদার/সুমন/

চট্টগ্রামে সড়ক বিভাজকের লোহার পাতে ঝুঁকি

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৮:৩৯ এএম
আপডেট: ১৬ জুন ২০২৬, ০৮:৫১ এএম
চট্টগ্রামে সড়ক বিভাজকের লোহার পাতে ঝুঁকি
সড়ক বিভাজকের পাশে থাকা লোহার পাতের ধারালো অংশগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। চট্টগ্রাম নগরীর ওয়াসা এলাকা থেকে তোলা। ছবি: খবরের কাগজ

বন্দরনগরী চট্টগ্রামের সড়ক বিভাজকে স্থাপিত ধারালো লোহার পাতগুলো মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। অসচেতনতা ও গতির কারণে পথচারী, মোটরসাইকেল ও ছোট যানবাহনের আরোহীরা এসব লোহায় আঘাত পেয়ে প্রতিনিয়ত আহত হচ্ছেন, বিশেষ করে রাতে এবং কুয়াশার সময় এগুলোর কারণে প্রাণহানি পর্যন্ত ঘটছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর-অক্সিজেন সড়ক, বায়েজিদ-অক্সিজেন সড়কসহ নগরীর প্রায় সব প্রধান সড়ক বিভাজকের পাশে ধারালো লোহার পাত বসিয়েছে চিটাগং ডেভেলপমেন্ট অথরিটি (সিডিএ)। এ নিয়ে বিশেষজ্ঞরা সমালোচনা করেছেন। ভুক্তভোগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে নিজের দুর্ভোগের কথা জানিয়েছেন। কিন্তু সিডিএ তা কর্ণপাত করেনি।

আগ্রাবাদ এলাকার বাসিন্দা মোটরসাইকেল আরোহী কামরুল ইসলাম জানান, বড় গাড়িকে সাইড দিতে গিয়ে তিনি সড়ক বিভাজকের লোহার পাতে অনেকবার পায়ে ব্যথা পেয়েছেন। লোহার পাতগুলো এমনভাবে সড়কে স্থাপন করা হয়েছে, যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। 

চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার জানান, এই লোহার পাতে লেগে তার গাড়ির চাকা কয়েকবার ফেটেছে। লোহার পাত আর না বসানোর জন্য এবং যেসব সড়কে বসানো হয়েছে তা তুলে ফেলার জন্য তিনি সিডিএ, সিটি করপোরেশনকে চিঠিও দিয়েছিলেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। 

বহদ্দারহাটের বাদুরতলা এলাকার ট্রাকচালক রহিম মিয়া জানান, গত ৩ মে তিনি গ্যারেজ থেকে ট্রাক বের করে ভাড়ার পণ্য লোড করার জন্য কালুরঘাট শিল্প এলাকায় যাচ্ছিলেন। কিন্তু একটি গাড়িকে সাইড দিতে গিয়ে জঙ্গি শাহ মাজারের সামনে সড়কের লোহার পাতের সঙ্গে লেগে তার গাড়ির সামনের চাকা ফেটে যায়। চাকাটি এমন জায়গায় ফেটেছে, যেখানে গাড়ি পার্ক করে স্পেয়ার চাকা লাগানোর সুযোগ ছিল না। কারণ গাড়ি দাঁড় করালেই দীর্ঘ যানজট লেগে যেত। ওই চাকা দিয়েই গাড়ি চালিয়ে তিনি গ্যারেজে যেতে বাধ্য হন।

নগরবিদ ও পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের নেতা প্রকৌশলী সুভাষ বড়ুয়া বলেন, ‘সড়কে এ ধরনের ধারালো লোহার পাত স্থাপন সম্পূর্ণ অপরিকল্পিত। ডিভাইডার রক্ষার জন্য আরও অনেক পদ্ধতি রয়েছে। প্রকৃত নিয়ম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডার দেখলেই বোঝা যায়। রাস্তা ও ডিভাইডারের সংযোগস্থলে নিচের দিকটা সামান্য ঢালু বা স্লোপ রাখা হয়। একে ট্রাফিকের ভাষায় মাউন্টেড কার্ব বা স্লোপিং কার্ব বলা হয়। 

কিন্তু সিডিএ বর্তমানে যে লোহার পাত বসিয়েছে, সেগুলো অনেক স্থানে মরিচা পড়া বা রং চটে যাওয়ায় দূর থেকে বোঝা যায় না। দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের এই লোহার পাত বা রডে সরাসরি আঘাত করলেই দুর্ঘটনা ঘটে। তা ছাড়া রাতে রাস্তা পারাপারের সময় পথচারীরা প্রায়ই এসব বিভাজকে হোঁচট খেয়ে পড়ে যান।’ 

চিটাগং ডেভেলপমেন্ট ফোরামের মুখপাত্র খোরশেদ আলম বলেন, ‘চট্টগ্রাম শহরের সড়ক বিভাজক রক্ষায় লোহার পাত বা অ্যাঙ্গেল ব্যবহার জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। পথচারী পারাপার এবং যানজটের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে মোটরসাইকেল আরোহী এবং পথচারীদের জন্য এগুলো খুবই ঝুঁকিপূর্ণ। বর্ষায় যখন সড়ক ডুবে যায়, তখন এসব লোহার পাত দেখা যায় না। তখন অনেক পথচারীর পা কেটে যায়। গাড়ির চাকা ফেটে যায়।’ 

তিনি নিজেও কয়েকবার এসব লোহার পাতে ব্যথা পাওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘অসাবধানতাবশত পথচারী বা সাইকেল-মোটরসাইকেল আরোহীরা ডিভাইডারে ধাক্কা খেলে বা পা পিছলে গেলে এই লোহার পাতগুলো ব্লেডের মতো কাজ করে। ফলে গুরুতর জখম বা অঙ্গহানির মতো ঘটনা ঘটে। তা ছাড়া এগুলোর কারণে সড়কের সৌন্দর্যও নষ্ট হচ্ছে।’ 

লোহার পাতের পরিবর্তে সৌন্দর্যবর্ধক ও নিরাপদ কংক্রিটের ডিভাইডার নির্মাণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দুর্ঘটনা এড়াতে উন্নত দেশগুলোর মতো ফ্লেক্সিবল বা স্প্রিংযুক্ত ট্রাফিক পোস্ট ব্যবহার করা যেতে পারে, যা কোনো গাড়ির ধাক্কায় ভেঙে না গিয়ে কিছুটা নুয়ে পড়ে।’

সিডিএর নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন জানান, সড়ক বিভাজকের ধারালো লোহার পাতের কারণে দুর্ঘটনার বিষয়সহ নগরীর জন্য করণীয় সব বিষয় নিয়ে গণমাধ্যমকর্মী, বিশেষজ্ঞসহ সবার সঙ্গে বসবেন। নাগরিক দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।

চট্টগ্রামে মেরিন সার্ভেয়ারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১০:৪৭ পিএম
চট্টগ্রামে মেরিন সার্ভেয়ারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ছবি: খবরের কাগজ

দেশের ইন্ডিপেন্ডেন্ট মেরিন সার্ভেয়ারদের একমাত্র সংগঠন মেরিন সারভেয়র্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এফবিসিসিআই অধিভুক্ত)-এর উদ্যোগে মেরিন সার্ভেয়ারদের সদস্যদের জন্য একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

গত ১৩ জুন চট্টগ্রাম নগরীর একটি মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন সাখাওয়াত হোসাইন কমল। সঞ্চালনা করেন জেনারেল সেক্রেটারি ক্যাপ্টেন আবু নাসের মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌপরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মো. শফিউল বারি। কর্মশালার উদ্বোধন করেন অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা ক্যাপ্টেন আনাম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে কমোডোর মো. শফিউল বারি প্রশিক্ষণ কর্মশালা উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, মেরিন সার্ভেয়রের মতো বিশেষায়িত একটি পেশার ধারা বজায় রাখতে ও মান উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। এ ব্যাপারে অধিদপ্তরের সহযোগিতার আশ্বাস দেন এবং বক্তব্য শেষে প্রধান অতিথি প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।

বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন, নৌপরিবহণ অধিদপ্তরের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন গিয়াস উদ্দিন আহমেদ ও চিফ ইঞ্জিনিয়ার সার্ভেয়ার মির্জা সাইফুর রহমান, বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ক্যাপ্টেন সালাহউদ্দিন চৌধুরি, নটিক্যাল ইনস্টিটিউট, চট্টগ্রাম শাখার চেয়ারম্যান ক্যাপ্টেন এম আব্দুল মালেক, আইএমএআরইএসটি এর প্রতিনিধি ইঞ্জিনিয়ার আইনুল কামাল, ভ্যানগার্ড মেরিটাইম লিমিটেড-এর সিইও ক্যাপ্টেন তাহের আফতাব চৌধুরি, জেএফ (ফিনলে) বাংলাদেশ লিমিটেড এর জিএম জনাব সালাউদ্দিন চৌধুরী এবং ইন্টারপোর্ট মেরিটাইম লিমিটেড এর সিনিয়র জিএম ফখরুল হাসান চৌধুরী।

কর্মশালায় প্রফেশন অব মেরিন সার্ভেইং, ড্রাফট অ্যান্ড আলেজ সার্ভে, মেরিন ইনসিডেন্ট, ইনভেস্টিগেশন এবং রিপোর্টিং-এ চারটি বিষয়ের উপর আলাদা সেশনে প্রশিক্ষণ পরিচালনা করেন যথাক্রমে ক্যাপ্টেন জিল্লুর রহমান ভুঁইয়া, ক্যাপ্টেন সাইফুদ্দিন মেহেদী ও ক্যাপ্টেন মোজাহারুল ইসলাম, ক্যাপ্টেন এম এ ফসিহুর রহমান এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইলিয়াস। প্রায় ১৩০ জন সদস্য মেরিন সার্ভেয়ার এই ওয়ার্কশপ-এ অংশগ্রহণ করেন। এর মধ্যে দেশ-বিদেশে অবস্থানরত প্রায় ৪৫ জন সদস্য সরাসরি অনলাইন সম্প্রচারে যুক্ত হয়ে এই অনুষ্ঠানে যোগ দেন ।

দেশের জাতীয় আমদানি-রপ্তানি বাণিজ্য ও শিপিং সেক্টরে মেরিন সারভেয়র্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সদস্যরা নিয়মিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। মেরিন সার্ভে ও কনসালট্যান্সি কার্যক্রমের মাধ্যমে এ সংগঠনের সদস্যরা উল্লেখযোগ্য পরিমাণে জাতীয় শুল্ক আহরণে সরাসরি সম্পৃক্ত থাকার পাশাপাশি বৈদেশিক মুদ্রা আহরণ করে রাষ্ট্রীয় কোশাগার সমৃদ্ধ করে চলেছেন।

সভাপতির বক্তব্যে ক্যাপ্টেন সাখাওয়াত হোসাইন কমল বলেন, সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণে অ্যাসোসিয়েশন প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের কর্মপরিকল্পনা ভবিষ্যতে নিয়মিতভাবে গ্রহণ করা হবে। প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়।

নাঈম/

মতলবে বৃদ্ধকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১০:৪৫ পিএম
মতলবে বৃদ্ধকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ দিঘলদী এলাকায় সম্পত্তি নিয়ে বিরোধে আব্দুল মান্নান পাটওয়ারী (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে আত্মগোপনে থাকা অভিযুক্ত প্রধান আসামি সুমন পাটোয়ারীকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) দুপুরে গ্রেপ্তার সুমন পাটোয়ারীকে চাঁদপুর আদালতে সোপর্দ করে মতলব দক্ষিণ থানা পুলিশ। এর আগে রবিবার (১৪ জুন) রাতে রাজধানীর হাজারীবাগ থানার ঝিগাতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক।

পুলিশ জানায়, থানার ওসির দিকনির্দেশনা উপ-পরিদর্শক (এসআই) সাকিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আত্মগোপনে থাকা মান্নান হত্যার প্রধান আসামি উপজেলার দক্ষিণ দিঘলদী এলাকার সুমনকে বিভিন্ন কৌশল অবলম্বন ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ডিএমপির হাজারীবাগ থানার ঝিগাতলা এলাকা থেকে রবিবার রাতে গ্রেপ্তার করেন। ঘটনার পর সুমন দেশের বিভিন্নস্থানে আত্মগোপনে ছিলেন। তিনি কিছুদিন ধরে বিভিন্ন জায়গা পরিবর্তন করে আসছিলেন।

স্থানীয়রা জানান, গ্রেপ্তার সুমন পাটোয়ারী মতলব পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। সুমন পাটোয়ারীর কিশোর গ্যাং বাহিনী আছে। তার বিরুদ্ধে মুন্সিরহাট বাজারে দোকান দখল, চাঁদাবাজি ও অপরাধমূলক কাজের অভিযোগ আছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, হত্যা মামলার প্রধান আসামি সুমন পাটোয়ারীর মা ও তার বউকে গ্রেপ্তার করে গত ৪ জুন আদালতে পাঠানো হয়েছে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

ফয়েজ/নাঈম

নবজাতকের মরদেহ টানাটানি করছিল কুকুর, উদ্ধার করল পুলিশ

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১০:২২ পিএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ১০:২৫ পিএম
নবজাতকের মরদেহ টানাটানি করছিল কুকুর, উদ্ধার করল পুলিশ
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের সদর উপজেলায় ময়লার ভাগাড়ে একদল কুকুর একটি নবজাতকের মরদেহ টানাটানি করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ৬ মাস বয়সী ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে।

সোমবার (১৫ জুন) সন্ধ্যার আগে সদর উপজেলার কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের গেটসংলগ্ন ময়লার ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কলেজের গেটের পাশে একটি ময়লার ভাগাড়ে একদল কুকুরকে একটি রক্তমাখা বস্তু নিয়ে টানাটানি করছিল। স্থানীয়রা কাছে গিয়ে তারা দেখতে পান, কুকুরগুলো একটি নবজাতকের মরদেহ কামড়ে কামড়ে খাওয়ার চেষ্টা করছে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে এগিয়ে গিয়ে কুকুরগুলোকে তাড়িয়ে দেন। পরে তারা নিশ্চিত হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ গর্ভপাত ঘটিয়ে লোকচক্ষুর আড়ালে মরদেহটি ফেলে রেখে গেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহটির দাফন সম্পন্ন করার প্রক্রিয়া করা হবে।

নয়ন/রিফাত/

মৌলভীবাজারে তিন মাসের ভোগান্তির পর চিকিৎসাসেবা পেল চা-বাগানবাসী

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১০:০০ পিএম
মৌলভীবাজারে তিন মাসের ভোগান্তির পর চিকিৎসাসেবা পেল চা-বাগানবাসী
ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল। ছবি: খবরের কাগজ

দীর্ঘ প্রায় তিন মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে অবস্থিত ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল।

সোমবার (১৫ জুন) দুপুরে আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির চিকিৎসাসেবা কার্যক্রম পুনরায় উদ্বোধন করা হয়।

হাসপাতাল পুনরায় চালুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রণজিৎ চন্দ্র শীল।

অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন চা-বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দ, শ্রমিক প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ডানকানস গ্রুপ পরিচালিত ৫০ শয্যার এ দাতব্য হাসপাতালটি দীর্ঘদিন ধরে শমশেরনগরসহ আশপাশের চা-বাগান এলাকার শ্রমিক ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল হিসেবে পরিচিত। তবে গত ২৭ মার্চ চিকিৎসাধীন অবস্থায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও চা-শ্রমিক পরিবারের সদস্য ঐশী রবিদাসের (১৪) মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

খোঁজ নিয়ে জানা যায়, শমশেরনগর চা-বাগানের রবিদাস টিলার বাসিন্দা বাবুল রবিদাসের মেয়ে ঐশী রবিদাস মাথাব্যথাজনিত সমস্যার কারণে ২৬ মার্চ রাতে হাসপাতালে ভর্তি হন। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে স্বজন ও শ্রমিকদের একটি অংশ ভুল চিকিৎসার অভিযোগ তোলেন।

এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন, ফুলের টব ভাঙচুর এবং চিকিৎসক ও স্টাফদের অবরুদ্ধ করে রাখেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে নিরাপত্তাহীনতার কারণে চিকিৎসকরা হাসপাতাল ত্যাগ করলে চিকিৎসাসেবা কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

দীর্ঘদিন বন্ধ থাকায় শমশেরনগর, মাধবপুর, কালিঘাট, পাত্রখোলা, আলীনগরসহ আশপাশের বিভিন্ন চা-বাগানের হাজারো শ্রমিক পরিবার প্রাথমিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়। জরুরি চিকিৎসার প্রয়োজন হলে রোগীদের শ্রীমঙ্গল, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা মৌলভীবাজার সদর হাসপাতালে যেতে হতো।

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিনিধি রণজিৎ চন্দ্র শীল জানান, প্রাথমিকভাবে নিয়মিত চিকিৎসাসেবা কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। পর্যায়ক্রমে হাসপাতালের সেবার পরিধি আরও সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে রোগীদের মানসম্মত ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, চা-বাগান অধ্যুষিত এ অঞ্চলের মানুষের জন্য হাসপাতালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতায় স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে বলে আমরা আশাবাদী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, চা-শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ হাসপাতালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে চিকিৎসাসেবা বন্ধ থাকায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছিলেন। হাসপাতাল পুনরায় চালুর মাধ্যমে সেই সংকট অনেকটাই দূর হবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও বলেন, চিকিৎসক, হাসপাতাল কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার পরিবেশ বজায় রাখতে হবে, যাতে ভবিষ্যতে কোনো কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত না হয়।

রিফাত/