পরিবারে সচ্ছলতা ফেরাতে এক যুগ আগে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শাহ আলম ভূইয়া। এরপর দীর্ঘবছর সেখানে কাটিয়ে পরিবারের অর্থনৈতিক স্বচ্ছলতা কিছুটা ফিরিয়েও এনেছিলেন শাহ আলম। এর মধ্যে কয়েক দফায় ছুটিতে দেশে এসে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবার ফিরে গেছেন কর্মস্থলে। কিন্তু এবার আর ফেরা হলো না শাহ আলম ভূঁইয়ার (৪৫)।
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ অঞ্চলে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে আঘাতে নিজ কর্মস্থলে প্রাণ হারিয়েছেন তিনি।
নিহত শাহ আলম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের (ভূঁইয়া বাড়ি) মৃত হানিফ ভূঁইয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৩ সালে প্রথমবার জীবিকার সন্ধানে দুবাই যান শাহ আলম। সর্বশেষ গত ২০২৫ সালে তিন মাসের ছুটি কাটিয়ে তিনি পুনরায় কর্মস্থলে ফিরে গিয়েছিলেন।
চার সন্তানের জনক শাহ আলমের মৃত্যুর খবর বুধবার স্বজনদের কাছে এসে পৌঁছে। এরপর থেকেই তার পরিবারের সদস্যরা শোকে বারবার মোর্ছা যাচ্ছেন।
শুধু শাহ আলমের পরিবারেই নয়; তা এমন অকাল মৃত্যুতে এলাকায়ও শোকের মাতম চলছে।
এ বিষয়ে সাহেবাবাদ ইউনিয়নের সদস্য মো. জাকির হোসেন বলেন, ‘শাহ আলমের মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর থেকে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।’
নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা।
জহির শান্ত/অমিয়/