দেশব্যাপী হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে মাগুরায় শুরু হয়েছে বিশেষ উদ্বুদ্ধকরণ ও টিকাদান কর্মসূচি। রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টায় মাগুরা পৌরসভা চত্বরে স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা),স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও মাগুরা পৌরসভার প্রশাসক ইমতিয়াজ হোসেন এবং বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, মাগুরার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল হাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভি. সার্জন মো. শামীম কবির।
সভায় বক্তারা হামের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। সকল অভিভাবককে নির্ধারিত বয়সের শিশুদের টিকা নিশ্চিত করারও আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে মনোয়ার হোসেন খান বলেন, সারা বাংলাদেশে হাম মহামারি আকার ধারণ করতে যাচ্ছে। এরকম পরিস্থিতিতে আমাদের প্রাইম মিনিস্টার যিনি সত্যিকারের বাংলাদেশের মানুষের সেবক ও অভিভাবক, তিনি আমাদেরকে এ ব্যাপারে সর্বোচ্চ কেয়ার নেওয়ার জন্য সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন।
আমরা আপনাদের মাধ্যমে সকলকে সচেতন করতে চাই যে, এরকম হামের লক্ষণ কোথাও দেখলে দ্রুত হসপিটালাইজড হোন। ডাক্তারদের পরামর্শ নিন। বাড়িতে রেখে বাচ্চাদের ঝুঁকির মুখে ফেলবেন না। সচেতনতা বৃদ্ধি করলে আমরা হাম নিয়ন্ত্রণে রাখতে পারব। আমাদের কাছে পর্যাপ্ত টিকাও আছে।
জেলা সিভিল সার্জন মো. শামীম কবির জানান, জেলায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭২ জন রোগী হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং বর্তমানে ১০ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
তিনি আরও জানান, এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ২ বছর বয়সী যেসব শিশু এখনও হাম প্রতিরোধক টিকা গ্রহণ করেনি, তাদের টিকা প্রদান করা হচ্ছে। পাশাপাশি পর্যায়ক্রমে দুই ডোজ ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। পরবর্তীতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে, যারা এখনো হাম টিকা নেয়নি, তাদের টিকার আওতায় আনা হবে।
উল্লেখ্য, স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করছে মাগুরা পৌরসভা। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে জেলায় হামের বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
শ্রাবণ/অন্তরা