মাগুরা জেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার (১৫ এপ্রিল) জেলার চারটি উপজেলার ছয়টি কেন্দ্রে সকাল ১০টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। সকাল থেকেই পরীক্ষার্থীরা নির্ধারিত কেন্দ্রগুলোতে প্রবেশ করে এবং সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হচ্ছে ।
তবে পরীক্ষার দিন কেন্দ্রগুলোর বাইরে অভিভাবকদের দীর্ঘ অপেক্ষা করতে দেখা গেছে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর মাগুরা জেলায় মোট ৩ হাজার ৬৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধিত ছিল। এর মধ্যে সদর উপজেলার দুটি কেন্দ্রের তিনটি স্কুলে মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৪১২ জন। তবে অনুপস্থিত ছিল ৩৯৫ জন।
এছাড়াও শালিখা উপজেলায় একটি কেন্দ্রে ৬২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৯ জন অনুপস্থিত ছিল। অপরদিকে শ্রীপুর উপজেলায় ৬৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ৮১ জন অনুপস্থিত ছিল।
শিক্ষা সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন পর এ ধরনের গুরুত্বপূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হলেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর অনুপস্থিতি উদ্বেগজনক। এ বিষয়ে সংশ্লিষ্টরা অনুপস্থিতির কারণ খতিয়ে দেখার ওপর গুরুত্বারোপ করেছেন।
শ্রাবন/রিফাত/