পাবনার ঈশ্বরদীর দুটি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথম দিনে মোট অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৬৬৩ জন।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে বাংলা পরীক্ষার মাধ্যমে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার সময়সূচি অনুযায়ী ১৭ এপ্রিল গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ২ ঘণ্টা ৩০ মিনিট সময় পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর মধ্যে সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩১৪ ও ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৩৪৯ জন। কেন্দ্র সচিব সূত্রে পরীক্ষার্থীদের অনুপস্থিতির এ তথ্য জানা গেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ১ হাজার ৮৫০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৯৭৮ ও ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে রয়েছে ৮৭২ জন পরীক্ষার্থী।
সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র সচিব শহিদুল হক জানান, ৯৭৮ জনের মধ্যে প্রথম দিন অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৩১৪ জন।
ঈশ্বরদী গার্লস স্কুল কলেজ কেন্দ্র সচিব সাবিনা ইয়াসমিন জানান, তার কেন্দ্রে ৮৭২ জনের মধ্যে ৩৪৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে নাই।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনা আক্তার বলেন, অত্যন্ত সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রের ব্যবস্থাপনাও সার্বিকভাবে ভালো ছিল। সব পরীক্ষার্থীর পরীক্ষা ভালো হয়েছে বলে মনে করছি।
জাহাঙ্গীর হোসেন/নাঈম