কুড়িগ্রামের চিলমারীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর আয়শা সিদ্দীকা নামে দুই বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ঘটনাটি ঘটে চিলমারী উপজেলার মাচাবান্ধা সাহাপাড়া এলাকায়।
নিহত আয়শা রাজমিস্ত্রি আলমগীর হোসেনের মেয়ে।
পরিবার জানায়, শুক্রবার সকাল ৯টার দিকে রাজমিস্ত্রি আলমগীর হোসেনের একমাত্র সন্তান আয়শা সিদ্দিকা আশুরা নিখোঁজ হয়। এরপর থেকে পরিবারের লোকজন খোজাখুজি শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকায় মাইকিং করা হয়। এক পর্যায়ে রাত ১০টার দিকে বাড়ির পাশে ফাকা জায়গায় বাঁশের কঞ্চির উপর আয়শার মরদেহ দেখতে পায় লোকজন। পরে খবর পেয়ে থানা পুলিশ এসে মহদেহ উদ্ধার করে থানায নিয়ে যায়।
পুলিশ জানায়, শিশুটির চোখে ও শরীরে অসংখ্য ক্ষতচিহ্ন ছিল।
শিশুটির বাবা আলমগীর হোসেন বলেন, সকাল ৯টা থেকে আমার মেয়েকে খুজে পাচ্ছিলাম না। পরে থানায় গিয়ে জানানো হয়। রাত ১০টার দিকে কে জানি মেয়েকে মেরে ফেলে রেখে গেছে। আমি এর সঠিক বিচার চাই।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, শিশুটি ওইদিন সকালে নিখোজ হয়। সন্ধ্যায় তার বাবা আমাদেরকে জানায়। রাত ১০টার দিকে বাড়ির পাশে শিশুটির মরদেহ পাওয়া যায়। শিশুটির চোখসহ শরীরে বেশ কিছু ক্ষতচিহ্ন দেখা গেছে। মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সিরাজ/অন্তরা