নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া হাটপাড়া এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালক বাবার চিৎকারে দৌড়ে আসে আট বছরের ছেলে আব্দুল্লাহ। বাবা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে দেখে তাকে বাঁচাতে জড়িয়ে ধরতেই প্রাণ গেলো তার।
বিদ্যুৎস্পৃষ্টে একমাত্র সন্তানের মৃত্যুতে নির্বাক এই দম্পতি। গতকাল সোমবার সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে তাকে দাফন করা হয়।
আব্দুল্লাহ ওই গ্রামের আল আমিনের একমাত্র সন্তান ও স্থানীয় কিন্ডারগার্টেনে নার্সারিতে পড়তো।
আল আমিন খবরের কাগজকে জানান, সোমবার সন্ধ্যায় নিজের বাড়িতেই ব্যাটারিচালিত রিকশাটি চার্জে দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চিৎকার দেন তিনি। তার চিৎকার শুনে ঘর থেকে দৌড়ে বের হয়ে আসে শিশুটি। বাবার অবস্থা দেখে সেও চিৎকার দিয়ে বাবাকে জড়িয়ে ধরে। ঘর থেকে বের হয়ে শিশুর মা পরিস্থিতি বুঝে মেইন সুইচ বন্ধ করে দেন। ততক্ষণে সব শেষ। মারা যায় শিশুটি। তবে প্রাণে বেঁচে যান বাবা।
প্রত্যক্ষদর্শীরা জানান, একমাত্র ছেলেকে হারিয়ে মা বারবার মূর্ছা যাচ্ছেন। আর বাবা আল আমিন বলছেন, তিনি মারা গিয়ে ছেলেটা বেঁচে থাকলে মরেও শান্তি পেতেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে খবরের কাগজকে জানান, ওই ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
কামাল মৃধা/অমিয়/