টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানিয়ারা পূর্বপাড়ায় শত্রুতার জেরে স্থানীয় প্রভাব খাটিয়ে সড়কের উপর ঘর নির্মাণের অভিযোগ উঠেছে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। এতে দুর্ভোগে পড়েছে ৩৫ পরিবার।
মঙ্গলবার (৫ মে) বিকেলে উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা পূর্বপাড়া গ্রামে গিয়ে এমন চিত্র দেখা যায়।
স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি অবগত করা হলেও তারা কোনো সুরাহা করতে পারেননি বলে অভিযোগ ভুক্তভোগীদের।
ওই গ্রামের মো. জালাল তালুকদার, হৃদয় সিকদার, মনোয়ারা বেগমসহ বেশ কয়েকজন অভিযোগ করে জানান, তারা দীর্ঘ ৩০-৩৫ বছর যাবৎ গ্রামের সবার যাতায়াতের সুবিধার্থে ১০ ফুটের একটি কাঁচা সড়ক নির্মাণ করেন। কিছুদিন আগে ওই সড়কের বানিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি জায়গা বায়না করার কারণে ব্যক্তি আক্রোশে শত্রুতার জেরে ওই সড়কের উপর ঘর নির্মাণ করেন খন্দকার আবুল ফজল নামের এক স্কুল শিক্ষক।
এ বিষয়ে তাকে কিছু বলতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগও তোলেন স্থানীয়রা। বর্তমানে সড়কের উপর ঘর নির্মাণের ফলে দুর্ভোগে পড়েছে ৩৫টি পরিবারের শতাধিক মানুষ। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিরা সমাধান করতে ব্যর্থ হয়েছেন বলেও জানান তারা।
এসময় ভুক্তভোগী আসলাম তালুকদার আক্ষেপ করে বলেন, সড়কের উপর ঘর নির্মাণ করায় আমরা খুব কষ্টে আছি। ধানের আবাদ করলেও কোনো গাড়ি বা মেশিন আনতে পারি না। এমনকি কেউ মারা গেলে তার মরদেহ আমরা সড়ক দিয়ে নিতে পারবো না। আমরা দ্রুত এর সমাধান চাই।
তবে বায়না করা ওই জায়গায় বাটোয়ারা মামলা চলমান রয়েছে জানিয়ে স্কুল শিক্ষক ফজলের ভাতিজা রকি বলেন, সড়কের সম্পূর্ণ জায়গা তাদের। মামলা চলমান থাকা অবস্থায় একটি জায়গা কীভাবে বেচাকেনা হয়, তা আমার বোধগম্য নয়। এজন্য সাময়িক সময়ের জন্য ঘরটি নির্মাণ করা হয়েছে। তবে আশা করছি অল্প সময়ের মধ্যেই বিষয়টি সমাধান হবে। এ জমি-সংক্রান্ত বিরোধে তারাও ভয়ভীতির শিকার হয়েছেন এবং এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।
জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি.এ. মতিন বলেন, এটি খুবই দুঃখজনক একটি ঘটনা। সরকারি বরাদ্দে ওই সড়কে পূর্বে কাজ করা হয়েছে। আমরা ঘর নির্মাণকারীদের পরিষদে ডেকেছিলাম, কিন্তু তারা আসেননি। বিষয়টি ইউএনও মহোদয়কে জানানো হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশা করছি।
এ বিষয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব বলেন, একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সব কাগজপত্র যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুয়েল রানা/রিফাত/