চট্টগ্রামের আনোয়ারায় এক গৃহবধূর মরদেহ উদ্ধারের এক দিন পর স্বামীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১১ মে) রাত আনুমানিক ৯টার দিকে চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকার চক সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৭।
গ্রেপ্তার ব্যক্তি আনোয়ারা উপজেলার ৪নং বটতলী ইউনিয়নের বরৈয়া গ্রামের আব্দুল নবী মেম্বারের ছেলে হাফেজ মো. মিজানুর রহমান (৩২)।
গৃহবধূ হালিমা আক্তার মুন্নি একই উপজেলার রায়পুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাঞ্চন মুন্সিবাড়ির মোহাম্মদ ইসহাকের মেয়ে। তাদের সংসারে মিশকাতুল জান্নাত নামে দেড় বছরের এক কন্যা সন্তান রয়েছে।
জানা যায়, রবিবার (১০ মে) ভোরে সকালে আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের বরৈয়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে গৃহবধূ হালিমা আক্তার মুন্নির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই গৃহবধূর স্বামী মিজানুর রহমান ফোন করে তার পরিবারকে জানায় যে তার স্ত্রী আত্মহত্যা করেছে। খবর পেয়ে মুন্নির বাবার বাড়ির লোকজন আসেন। এ সময় মুন্নির মরদেহ একটি কক্ষে টিনের চালের খুঁটির সঙ্গে ওড়না প্যাচানো অবস্থায় দেখতে পান তারা।
তাদের দাবি, মুন্নির পা মাটির সঙ্গে লেগে ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটা কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠায়।
মুন্নির পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় মুন্নি ও তার স্বামী কিছুদিন ভাড়া বাসায় থাকলেও সম্প্রতি শ্বশুরের অসুস্থতার কথা বলে তাদেরকে শ্বশুরবাড়িতে ফিরিয়ে নেওয়া হয়।
পরিবার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৫ অক্টোবর গ্রেপ্তার হাফেজ মো. মিজানুর রহমানের সঙ্গে ভিকটিমের পারিবারিকভাবে বিবাহ হয়। তাদের দাম্পত্যজীবনে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। এ বিষয়ে একাধিকবার সামাজিক বৈঠকও হয়েছে।
এ ঘটনায় মুন্নির বাবা মোহাম্মদ ইসহাক বাদী হয়ে আনোয়ারা থানায় আত্মহত্যার প্ররোচনা মামলা করেছেন।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তার আসামির বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী খবরের কাগজকে বলেন, ‘গৃহবধূ আত্মহত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি মিজানকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র্যাব। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।’
আতিকুল হা-মীম/অন্তরা