টাঙ্গাইলের চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার (১২ মে) বিকেলে টাঙ্গাইল জেলা পরিষদের হলরুমে বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। পশ্চিম টাঙ্গাইলের যমুনা নদী তীরবর্তী বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবায় অবহেলিত। তাদের জন্য একটি হাসপাতাল গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘আমরা কাজে বিশ্বাসী। জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান কাজের মাধ্যমেই দিতে চাই। বিভিন্ন জায়গায়, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যে প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।
উন্নয়ন প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘টাঙ্গাইলকে সর্বোচ্চ উন্নয়নের পর্যায়ে নিতে কাজ করছি। আগামী পাঁচ বছর পর উন্নয়নের তালিকা হলে টাঙ্গাইল সদর এক নম্বরে থাকবে।’
মাদকের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মাদরাসার দায়িত্বশীল ব্যক্তিরা সচেতনতামূলক কার্যক্রম ও কাউন্সেলিংয়ের মাধ্যমে যুব সমাজকে সচেতন করতে পারেন। তাহলেই ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে।’
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসিরের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার স্বপ্না, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক শানু এবং সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রকল্পের আওতায় প্রায় ৪০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
জুয়েল/এসজি/