মেহেরপুরের গাংনী উপজেলা ভূমি ও সাব রেজিস্টার অফিসে জানালার গ্রিল কেটে ও দরজার তালা ভেঙ্গে প্রবেশ করে দুর্বৃত্তরা।
বুধবার (১৩ মে) রাতে এ ঘটনা ঘটে।
অফিস সূত্রে জানা গেছে, রাতে একদল দুর্বৃত্ত গাংনী উপজেলা ভূমি ও সাব রেজিস্ট্রার অফিসের জানলার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় অফিসের কয়েকটি কক্ষে দরজায় তালা ভেঙে তছনছ করা হয় সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র।
বৃহস্পতিবার ( ১৪ মে) সকালে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে এসে তালা ভাঙা ও বিভিন্ন কক্ষ তছনছ অবস্থায় দেখতে পায়। পরে বিষয়টি পুলিশকে জানান তারা।
গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রার নাইমা ইসলাম বলেন, দুর্বৃত্তরা অফিসের একাধিক কক্ষের তালা ভেঙেছে। তবে এখন পর্যন্ত কোন মালামাল বা নথিপত্র চুরি হয়নি। শুধুমাত্র নথিপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশকে দেওয়া হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলমান রয়েছে। সিসিটিভি ফুটেজ ও গুরুত্বপূর্ণ তথ্যগুলো খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।
তারেক হোসেন/আমান