খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পোস্ট অপারেটিভ রুম ও অপারেশন থিয়েটারসহ আশেপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় এসি ও অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায়।
বুধবার (২০ মে) ভোর সাড়ে ৬টার দিকে হাসপাতালের ইমারজেন্সি অপারেশন থিয়েটার ও পোস্ট অপারেটিভ রুমের পাশে পুরাতন মালামাল রাখার ওয়েস্টেজ স্টোর রুমে আগুনের সূত্রপাত হয়।
ওয়ার্ডে রোগীর বেড, অপারেশন থিয়েটারের সরঞ্জাম, ফ্যান, এসি, জানালা, দরজাসহ সব মালামাল পুড়ে যায়। পুরো হাসপাতাল জুড়ে আতঙ্কিত রোগী ও তাদের স্বজনরা ছোটাছুটি শুরু করেন।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও ছয়টি ইউনিট যোগ দেয়।
প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
এদিকে আগুন লাগায় আতঙ্কিত হয়ে অনেকে তৃতীয় তলার জানালা থেকে নিচে লাফ দিয়ে পড়েন। কয়েকজন রোগী এবং নার্সকে উদ্ধারের সময় ফায়ার সার্ভিসের কর্মীরা আহত হন।
আগুনে পোস্ট অপারেটিভ রুম, ইমার্জেন্সি ওটি বিভাগের মালামাল পুড়ে গেছে। আহতদের মধ্যে হাসপাতালের নার্স রিপা ও শারমিনকে বেসরকারি সিটি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আরও কয়েকজনকে বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ খবরের কাগজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে কর্তৃপক্ষ।
মাকসুদ রহমান/অমিয়/