চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার দুধপুকুরিয়া এলাকায় নিখোঁজের ছয় দিন পর মাটিচাপা অবস্থায় ১৫ বছর বয়সী কিশোর মো. মফিজের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২২ মে) সকালে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের শ্মশানঘাটের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ মে সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় মফিজ। পরে তার বাবা মো. আবু মুছা দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়রা দুধপুকুরিয়া পূর্ব পাহাড় এলাকার বৈদ্য ধর্মাবলম্বীদের চিতাখোলার ভেতরে নতুন করে মাটি খোঁড়া দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দীন আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় মাটি খুঁড়ে কিশোর মফিজের মরদেহ দেখতে পান।
নিহতের বাবা, দাদা ও পরিবারের সদস্যরা মরদেহ দেখে শনাক্ত করেন। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওসি জানান, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গত ২১ মে একই এলাকার মাহবুব আলম ওরফে মাকু আলম (৩৮) নামের এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার সঙ্গে এই হত্যাকাণ্ডের যোগসূত্র থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।
তিনি আরও জানান, ঘটনার বিষয়ে নিহতের মা রুবি আক্তারকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।
তৈয়্যবুল ইসলাম/নাঈম