অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু/ ছবি: খবরের কাগজ।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রতিবেশী দেশগুলো বিভিন্নভাবে বাংলাদেশে মাদক প্রবেশ করিয়ে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায়। যুবসমাজ ধ্বংস হলে তাদের নিয়ন্ত্রণ করা সহজ হবে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা চৌধুরী পশ্চিমপাড়া গ্রামে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মাদক আশপাশের দেশগুলো থেকেই প্রবেশ করছে। তারা চায় আমাদের দেশ দুর্বল হয়ে যাক, পঙ্গু হয়ে যাক। তাই যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। কোনোভাবেই টাঙ্গাইল সদরে মাদক প্রবেশ করতে দেওয়া হবে না। খেলাধুলার মাধ্যমে আগামী প্রজন্মকে মাদকমুক্ত যুবসমাজ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন করলেই হবে না। সুন্দর ঘর, রাস্তা, স্কুল-কলেজ তৈরি করেও লাভ নেই, যদি সেই সমাজের মানুষ ধ্বংস হয়ে যায়। তাই আগে মানসিকভাবে নিজেকে গড়ে তুলতে হবে। আমরা মাদকমুক্ত, কিশোর গ্যাংমুক্ত, চাঁদাবাজমুক্ত ও নিরাপদ টাঙ্গাইল চাই। নির্বাচনের আগে যা বলেছি, এখনও সেই লক্ষ্য নিয়েই কাজ করছি এবং ভবিষ্যতেও একই পথে থাকব।
বাঘিল কে কে উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লোকমান হোসেনের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লাবলু মিয়া লাভু ও কেন্দ্রীয় যুবদলের সদস্য আব্দুল্লাহহেল কাফি শাহেদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জুয়েল/আমান