চাকরি রাজস্বখাতে স্থানান্তর, কর্মসংস্থানের নিশ্চয়তা ও বেতন বৈষম্য দূরীকরণসহ চার দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা।
শনিবার (২৩ মে) দুপুরে রাজশাহী কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করে রাজশাহী বিভাগের সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন। এতে বিভাগের বিভিন্ন জেলার সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধন থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরি অবিলম্বে রাজস্বখাতে স্থানান্তর, রাজস্বখাতে অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান, দীর্ঘদিন কর্মরত অস্থায়ী কর্মচারীদের অগ্রাধিকার নিশ্চিত করে নতুন নিয়োগ বন্ধ এবং অস্থায়ী কর্মচারীদের চাকরিচ্যুতি বন্ধ করে কাউকে শূন্য হাতে চাকরি থেকে অব্যাহতি না দেওয়া।
বক্তারা বলেন, দেশের প্রায় ৩৫০টি সরকারি কলেজে ১০ থেকে ২৫ বছর ধরে কর্মরত বেসরকারি কর্মচারীরা প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ দীর্ঘদিন দায়িত্ব পালনের পরও তাদের চাকরি এখনো রাজস্বখাতে স্থানান্তর করা হয়নি।
তারা অভিযোগ করে বলেন, ২০২০ সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে কাফনের কাপড় পরে টানা ১৮ দিনের অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন সময় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
রাজশাহী বিভাগীয় সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি এহসানুল কবীর বলেন, সরকারি কলেজগুলোর তৃতীয় ও চতুর্থ শ্রেণির প্রায় ৮০ শতাংশ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বেসরকারি কর্মচারীদের মাধ্যমে পরিচালিত হলেও তাদের চাকরি স্থায়ী করা হয়নি। ২০১৩ ও ২০২০ সালের নিয়োগ কার্যক্রমেও দীর্ঘদিন কর্মরত অভিজ্ঞ কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, করোনাকালে অনেক কলেজে কর্মচারীদের মাসিক বেতন ৬ থেকে ১২ হাজার টাকা থেকে কমিয়ে দেড় থেকে সাড়ে তিন হাজার টাকায় নামিয়ে আনা হয়েছিল। বর্তমানে ৮ থেকে ১২ হাজার টাকার স্বল্প বেতনে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। অর্থাভাবে অনেকেই চিকিৎসা নিতে পারেননি, এমনকি কেউ কেউ চাকরিও হারিয়েছেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুইট, নাটোর রানী ভবানী কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের সহসভাপতি শফিকুল ইসলাম, সরকারি আজিজুল হক কলেজের সহসভাপতি মোখলেছুর রহমান, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন ও রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ বিভিন্ন সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা।
নাঈম/