ফেসবুকে ভালোবাসার মানুষকে উদ্দেশ্য করে আবেগঘন পোস্ট দিয়ে ভারতের দিল্লিতে আত্মহত্যা করেছেন মোস্তফা আহমেদ সাগর (২৫) নামের এক বাংলাদেশি শিক্ষার্থী।
শনিবার (২৩ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে সাগরের পরিবার।
সাগর জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারি এলাকার মোশারফ হোসেন মিন্টুর ছেলে।
তিনি ভারতের দিল্লির ফরিদাবাদ এলাকার তিনি ভারতের দিল্লির ফরিদাবাদ এলাকার মানব রচনা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড স্টাডিজ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা মোশারফ হোসেন মিন্টু।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট দেন সাগর। সেখানে তিনি বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়ে লেখেন, তিনি নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে পড়েছেন। একই পোস্টে তিনি তার ভালোবাসার মানুষের কথাও উল্লেখ করেন।
পোস্টে সাগর লেখেন, ‘ভালো থাকুক ভালোবাসার মানুষটি। তার হাতে হাত রেখে বেঁচে থাকার স্বপ্নটা হয়তো পূরণ হলো না। তাকে কেউ দোষারোপ করবেন না।’
পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরই তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছে পরিবার।
সাগরের বাবা মোশারফ হোসেন মিন্টু বলেন, ‘আমি হঠাৎ শুনি আমার ছেলে মারা গেছে। এটা আত্মহত্যা নাকি তাকে হত্যা করা হয়েছে, তা আমি জানি না। আমি সঠিক তদন্ত ও বিচার চাই। একই সঙ্গে সরকারের কাছে অনুরোধ, দ্রুত যেন আমার ছেলের মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হয়।’
মা জানান, ঘটনার দিন দুপুরেও ছেলের সঙ্গে তার কথা হয়েছিল। তিনি বলেন, “আমি জানতে চেয়েছিলাম সে কী করছে। তখন সে বলেছিল বাসায় শুয়ে আছে। পরীক্ষার প্রস্তুতির কথাও হয়েছিল। এটাই ছিল আমার ছেলের সঙ্গে শেষ কথা।”
এ বিষয়ে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, বিষয়টি আমিও ফেসবুকে দেখেছি। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।
অমিয়/