লক্ষ্মীপুরের কমলনগরে পুকুর থেকে আরিফ হোসেন (৩৫) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে তোরাবগঞ্জ বাজারের সেলিম চেয়ারম্যানের বাড়ির দরজার পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আরিফ হোসেন কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের এক নং ওয়ার্ড এলাকার হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক মাওলানা আক্তার হোসেনের ছেলে। তিনি স্থানীয় তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে ভ্রাম্যমাণ (চকলেট ও চানাচুর) দোকান দিয়ে ব্যবসা করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফ হোসেন মানসিকভাবে কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী ও সহজ-সরল প্রকৃতির ছিলেন। প্রতিদিনের নিয়মানুযায়ী ভোরে তিনি তোরাবগঞ্জ বাজারে এসে একটি হোটেলে নাস্তা করেন। ঘটনার দিন সকালেও তিনি একইভাবে হোটেলে এসে নাস্তা খেয়েছিলেন। এরপর সকাল নয়টার দিকে স্থানীয় লোকজন সেলিম চেয়ারম্যানের বাড়ির দরজার পুকুরঘাটে তার পড়নের লুঙ্গি, জুতা ও গেঞ্জি দেখতে পান। সন্দেহ হলে তারা এগিয়ে গিয়ে পুকুরে আরিফের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানান স্বজনরা।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যা না পানিতে ডুবে মৃত্যু হয়েছে সেটা ময়নাতদন্ত ছাড়া বলা যাবেনা। মরদেহ উদ্ধার করা হয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মোহাম্মদ রফিকুল/নাঈম