নারায়ণগঞ্জের সোনারগাঁয় মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ফয়জুল মিয়ার (৫৫) মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তার স্বজন ও এলাকাবাসী।
শনিবার (৬ জুন) বিকেলে সোনারগাঁও উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে নিহতের পরিবারের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে স্বজন, প্রতিবেশী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামিদের গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
মানববন্ধনে ফয়জুল মিয়ার মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
কর্মসূচিতে ফয়জুল মিয়ার স্ত্রী মাসুদা বেগম বলেন, ‘আমার স্বামীকে সুস্থ অবস্থায় চিকিৎসার জন্য সেখানে দেওয়া হয়েছিল। নিরাময় কেন্দ্রের মালিক সজীব, রকি এবং তাদের সহযোগীদের নির্মম নির্যাতন ও মারধরের কারণেই আমার স্বামীর মৃত্যু হয়েছে। কয়েক দিনের মধ্যেই তার লাশ ফিরে এসেছে। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।’
নিহতের বড় মেয়ে নুরজাহান বেগম বলেন, ‘আমরা বাবাকে বাঁচানোর জন্য নিরাময় কেন্দ্রে দিয়েছিলাম। কিন্তু বাবাকে আর জীবিত ফিরে পাইনি। সন্তানের কাছে বাবাকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা শুধু ন্যায় বিচার চাই।’
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত একটি মাদক নিরাময় কেন্দ্রে গত বুধবার (৩ জুন) রাতে ফয়জুল মিয়ার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন।
এ ঘটনায় তার বড় মেয়ে নুরজাহান বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা করেছেন।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। তাদের অভিযোগ, নিরাময় কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। তাই দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে।
মো: ইমরান হোসেন/খাদিজা রুমি/