হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় চেয়ারম্যানের দায়িত্ব পালনকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।
সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়িউড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ। টিয়ারশেল নিক্ষেপ ও দুই ঘণ্টার চেষ্টার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্ট চলাকালে বড়িউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ফরিদ আহমদ গ্রেপ্তার হয়েছিলেন। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন প্যানেল চেয়ারম্যান ও যুবদল নেতা কফিল উদ্দিন।
সম্প্রতি ফরিদ আহমদ জামিনে মুক্তি পেয়ে পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব নিতে চান। কিন্তু তিনি নিয়ম-নীতি অনুসরণ না করে প্রভাব কাটিয়ে দায়িত্ব নিতে চাইলে কফিল উদ্দিন আপত্তি জানান। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা ও বিরোধ তৈরি হয়।
সোমবার সকালে ইউনিয়ন পরিষদে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে চেয়ারম্যান ফরিদ আহমদ উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ফরিদ আহমদ ও কফিল উদ্দিনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশ দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় এবং প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ বলেন, ‘চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের মধ্যকার পূর্ববিরোধের জেরেই মূলত এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’
কাজল সরকার/সালমান/