ফরিদপুরের ভাঙ্গায় ফারদিন হাসান উজ্জ্বল নামে এক কৃষক দল নেতাকে থানার মধ্যে মারধর করার অভিযোগ উঠেছে থানার উপ-পরিদর্শক (এসআই) কবির মোল্লার বিরুদ্ধে। আহত ওই নেতা ভাঙ্গা উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক।
এ ঘটনায় মঙ্গলবার (৯ জুন) দুপুরে ভাঙ্গা বাসস্ট্যান্ডে একটি মিছিল ও মানববন্ধন করেছেন উপজেলা কৃষকদল ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল শেষে বক্তারা জানান, সোমবার রাতে ভাঙ্গা উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন হাসান উজ্জ্বলের প্রতিবেশী আপন মাতুব্বরকে একটি অভিযোগের ভিত্তিতে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। তাকে দেখতে ও খোঁজ নিতে থানায় গেলে ভাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কবির মোল্লা কৃষকদল নেতা উজ্জ্বলকে মারধর করেন। পরবর্তীতে স্থানীয়রা তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এই ঘটনার সুষ্ঠু তদন্তসহ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কবির মোল্লার শাস্তি ও থানা থেকে প্রত্যাহারের দাবি জানান তারা।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভাঙ্গা পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি উকিল মাতুব্বর, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ইমরান মুন্সী, উপজেলা কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক মো. সুমন মোল্লাসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ বিষয় ভুক্তভোগী কৃষকদল নেতা ফারদিন হাসান উজ্জ্বল বলেন, "আমি আমার প্রতিবেশীকে খাবার ও ওষুধ দেওয়ার জন্য থানার ভেতরে গিয়েছিলাম। তখন এসআই মো. কবির মোল্লা আমাকে জিজ্ঞেস করেন, 'আপনি কে?' আমি বলি, যাকে ধরে এনেছেন সে আমার এলাকার ভাই হয়। এ কথা শোনার পরপরই তিনি আমাকে মারধর করেন।
এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান বলেন, গতকাল রাতে আমাদের সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন হাসান উজ্জ্বলের প্রতিবেশীকে পুলিশ আটক করলে উজ্জ্বল তার খোঁজ নিতে যান। সেখানে এসআই কবির মোল্লা তাকে মারধর করেছেন বলে জানতে পেরেছি। বর্তমানে উজ্জ্বল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী পুলিশ কর্মকর্তার প্রত্যাহারসহ শাস্তি দাবি করছি।
এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কবির মোল্লা বলেন, অনাকাঙ্ক্ষিতভাবে একটি ঘটনা ঘটেছে। আমি তার কাছে ক্ষমা চেয়েছি।
তবে মারধরের বিষয়টি অস্বীকার করে তিনি আরও বলেন, গতকাল একটি ঘটনায় ফারদিন হাসান উজ্জ্বল থানায় এলে তার সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তবে কোনো মারধর অভিযোগ সঠিক নয়।
নয়ন/নাঈম