বিশ্ব ফুটবলের উন্মাদনায় মেতেছে দিনাজপুরও। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা জানাতে শহরে বর্ণাঢ্য আনন্দ র্যালি করেছেন হাজারো সমর্থক।ফুটবল তারকা নেইমার জুনিয়রের প্রতিকৃতি সাজিয়ে নাচ-গান, ঢাক-ঢোল আর পতাকা মিছিলে মুখর হয়ে ওঠে পুরো শহর। ফুটবল অন্য এক আবেগ এর নাম আর সেই আবেগের ছোঁয়া লেগেছে দিনাজপুরেও।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২ টার দিকে দিনাজপুর গোড়-এ-শহীদ বড় ময়দান থেকে শুরু হয় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র্যালি। ভ্যানের ওপর ব্রাজিলের জনপ্রিয় ফুটবল তারকা নেইমার জুনিয়রের বড় প্রতিকৃতি সাজিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন সমর্থকরা।
র্যালিতে অংশগ্রহণকারীরা ব্রাজিল দলের জার্সি পরে, হাতে জাতীয় পতাকা নিয়ে প্রিয় দলের স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে সমর্থকরা নিজেদের ভালোবাসার দলের প্রতি সমর্থন জানান।
দিনাজপুর ব্রাজিল সমর্থক রুবেল হোসেন বলেন, ব্রাজিল আমাদের আবেগ ও ভালোবাসার নাম। সেই ভালোবাসা প্রকাশ করতেই আমরা এই আনন্দ র্যালির আয়োজন করেছি।
দিনাজপুর ব্রাজিল সমর্থক আবুজার সেতু বলেন, ফুটবল শুধু খেলা নয়, এটি আমাদের আবেগের একটি বড় জায়গা। ব্রাজিলের প্রতি ভালোবাসা থেকেই প্রতি বিশ্বকাপে এমন আয়োজন করি।
আরেকজন সমর্থক তাবাসসুম রুমি বলেন, ছোটবেলা থেকেই আমি ব্রাজিলের সমর্থক। প্রিয় দলের জন্য এমন আয়োজনের অংশ হতে পেরে খুব ভালো লাগছে। ব্রাজিলের খেলা দেখার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। আজকের এই র্যালিতে নেইমারের প্রতিকৃতি, ব্রাজিলের পতাকায় দিনাজপুর শহর যেন পরিণত হয়েছিল ছোট্ট এক ব্রাজিলে।
সুলতান মাহমুদ/আমান