সিলেটে দীর্ঘ দাবির পর আওয়ামী লীগ সরকারের আমলে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক) আইন পাস করে চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে কার্যক্রম শুরু প্রক্রিয়াধীন ছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পট পরিবর্তনে তা আর হয়নি। বিএনপি সরকার ক্ষমতায় আসার তিন মাসের মাথায় চেয়ারম্যান নিয়োগ দিয়ে সিউক কার্যক্রমের সূচনা করেছে। প্রথম চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন রেজাউল হাসান লোদী (কয়েস লোদী)। তিনি সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র।
বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৩-এর ধারা ৮(১) অনুযায়ী রেজাউল হাসান লোদীকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে ০১ (এক) বছর মেয়াদে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে জানানো হয়।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদী (কয়েস লোদী) খবরের কাগজকে বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে অনানুষ্ঠিকভাবে এই প্রজ্ঞাপনটি আমার কাছে আসে। কিন্তু এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আমাকে কিছু জানানো হয়নি। যেহেতু শুক্রবার ও শনিবার সরকারি বন্ধ তাই এই দুইদিন হয়তো আনুষ্ঠানিক কিছু হবে না। আশা করছি রবিবার যে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন ইস্যু হয়েছে সেখান থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সিউক এর প্রথম চেয়ারম্যান কোনো ব্যবসা বা সংগঠন-এর সঙ্গে কর্ম-সম্পর্ক রাখতে পারবেন না। তাহলে কি আপনি সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির পদ ছেড়ে দিয়ে চেয়ারম্যান হবেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এ ব্যাপারে দল যে সিদ্ধান্ত দেবে আমি সেটাই মেনে নেবো'।
জানা গেছে, সিলেট পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর থেকে সিলেট উন্নয়ন কর্তপক্ষ (সিউক) গঠনের দাবি উঠেছিল। গত দুই যুগ ধরে দাবি পূরণের আশ্বাস ছিল। আওয়ামী লীগ তৃতীয় দফায় সরকারে গেলে শেষ দিকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক) গঠন প্রক্রিয়া শুরু হয়। ২০২২ সালের ২২ আগস্ট তৎকালীন মন্ত্রিসভা ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২২’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়। এর ধারাবাহিকতায় ২০২৩ সালের ২৬ অক্টোবর জাতীয় সংসদে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩’ পাসের মধ্য দিয়ে সিউক গঠিত হয়। তবে চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে কার্যক্রম শুরুর বিষয়টি প্রক্রিয়াধীন ছিল। সিউক প্রথম চেয়ারম্যান পদ পেতে সিলেট আওয়ামী লীগের নেতাদের লবিংও ছিল। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর তা আর হয়নি।
চলতি বছর ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক প্যানেল মেয়র ও চারবারের নির্বাচিত কাউন্সিলর কয়েস লোদী সিসিকের প্রশাসক পদ প্রত্যাশী ছিলেন। তবে সিসিকের প্রশাসক পদে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে নিয়োগ দিলে বিএনপি নেতা কয়েস লোদীর অনুসরীরা হতাশ হয়ে সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশায় ছিলেন।
শাকিলা ববি/থিও