ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের পৃথক র্যালিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান, রং ছোড়াছুড়ি, সফট ড্রিংকসের বোতল নিক্ষেপ এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে সিনিয়র সমর্থকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।
শুক্রবার (১২ জুন) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিল সমর্থকদের পক্ষ থেকে ১২ জুন বিকেল ৫টায় একটি মোটরসাইকেল র্যালির ঘোষণা দেওয়া হয়। অন্যদিকে, গত ৭ জুন আর্জেন্টিনা সমর্থকদের একটি র্যালিতে অংশগ্রহণ তুলনামূলক কম হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ট্রল ও আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে আর্জেন্টিনা সমর্থকরা পুনরায় ১২ জুন বিকেল সাড়ে ৩টায় আরেকটি র্যালির আয়োজনের ঘোষণা দেন।
শুক্রবার বিকেলে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে শতাধিক আর্জেন্টিনা সমর্থক বড় মাঠে জড়ো হন। পরে তারা মোটরসাইকেল র্যালি নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বড় মাঠে ফিরে আসেন। একই সময়ে সেখানে ব্রাজিল সমর্থকরাও তাদের নির্ধারিত র্যালির প্রস্তুতি নিচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আর্জেন্টিনা সমর্থকদের র্যালি মাঠে ফিরে আসার পর দুই পক্ষ মুখোমুখি অবস্থানে চলে আসে। এ সময় উভয় পক্ষের সমর্থকরা নিজ নিজ দলের পক্ষে স্লোগান দিতে থাকেন। আর্জেন্টিনা সমর্থকদের ‘সেভেন আপ’ এবং ব্রাজিল সমর্থকদের ‘পাঁচটি বিশ্বকাপ, ফাইভ স্টার’ স্লোগানে মাঠের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে পাল্টাপাল্টি স্লোগানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে রং নিক্ষেপ, সফট ড্রিংকসের বোতল ছোড়াছুড়ি এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এ সময় কয়েকটি পটকা বিস্ফোরণের শব্দও শোনা যায়। এতে উপস্থিত সাধারণ দর্শক ও পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে সিনিয়র সমর্থকদের উদ্যোগে উভয় পক্ষকে শান্ত করা হয়। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সম্ভাব্য সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।
পরবর্তীতে ব্রাজিল সমর্থকরা তাদের পূর্বঘোষিত র্যালি বের করেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বড় মাঠে এসে শেষ হয়।
ঘটনার বিষয়ে আর্জেন্টিনা সমর্থক মহিউদ্দিন তালুকদার, সাগর হোসেন ও ফিরোজ হাসান অভিযোগ করেন, ‘ব্রাজিল সমর্থকরা আমাদের ওপর হলুদ রং নিক্ষেপ করেছে। পাশাপাশি ইটপাটকেল ছুড়ে উত্তেজনা তৈরির চেষ্টা করেছে।’
অন্যদিকে ব্রাজিল সমর্থক আলী হোসেন, মো. রেদওয়ান ও জুনায়েদ অভিযোগ করেন, ‘আমরা র্যালির প্রস্তুতি নিচ্ছিলাম। আর্জেন্টিনা সমর্থকরা র্যালি শেষে এসে আমাদের দিকে ‘সেভেন আপ’-এর বোতল ও বিভিন্ন বস্তু ও ইট নিক্ষেপ করে, যার ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।’
তবে উভয় পক্ষই নিজেদের নির্দোষ দাবি করে ঘটনার জন্য অপর পক্ষকে দায়ী করেছে। স্থানীয়রা জানান, ফুটবলপ্রেমীদের এমন উৎসবমুখর আয়োজন আনন্দের হলেও প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হওয়া অনাকাঙ্ক্ষিত। তারা ভবিষ্যতে এ ধরনের কর্মসূচিতে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
নবীন/রিফাত/