রাজধানীর দক্ষিণখান চেয়ারম্যানবাড়ি এলাকায় আফিল মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি দক্ষিণখান কাঁচাবাজারকেন্দ্রিক নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (১৮ মার্চ) দুপুরে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে আফিল মিয়া নিরাপত্তারক্ষীর কাজ করার সময় কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনার সময় দক্ষিণখান বাজারসংলগ্ন চেয়ারম্যানবাড়ি নামক স্থানে চেয়ারে বসা অবস্থায় আফিল মিয়ার শরীর থেকে রক্ত ঝরতে দেখে এলাকার লোকজন তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- শত্রুতার জেরে আফিল মিয়াকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত নিরাপত্তারক্ষী দক্ষিণখান কাজীবাড়ী এলাকার বাসিন্দা। তিনি দুই সন্তানের জনক ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।