গাইবান্ধার ফুলছড়িতে এক বিচারপতির কাছে চাঁদা দাবির অভিযোগে ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্নআহ্বায়ক আক্তারুজ্জামান আক্তারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ জানুয়ারি) বিকেল তিনটার দিকে ফুলছড়ি উপজেলার কালিরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আক্তারুজ্জামান একই উপজেলার পারুল চর গ্রামের মৃত মোগরব আলীর ছেলে।
পুলিশ জানায়, ফুলছড়ি উপজেলার কালিরবাজার এলাকায় নিজ বাড়ীর সামনে বিচারপতি হাটাহাটি করতেছিলেন। এ সময় আক্তারুজ্জামান ওই বিচারপতির কাছে গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে বিচারপতি নিজ উদ্যোগে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেন।
এর আগেও গত ৬ আগস্ট অভিযুক্ত ব্যক্তি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিচারপতির কাছে একই পরিমাণ টাকা চাঁদা দাবি করেছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ওই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া প্রক্রিয়া চলছে।
ফুলছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টু গ্রেফতারকৃত আকতারুজ্জামানের দলীয় পদ নিশ্চিত করে বলেন, 'দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা তদন্ত সাপেক্ষে আক্তারুজ্জামানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিব।'
মেহেদী