গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জনকে আটক করা হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের মাদকসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
শনিবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টার এই অভিযানে অংশ নেয় সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ।
ছিনতাই, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে যৌথ বাহিনী পরিচালিত অভিযানে টঙ্গীর মাজার বস্তির বিভিন্ন ঘরে তল্লাশি চালানো হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, রাজধানীর উত্তরাসহ টঙ্গী অপরাধপ্রবণ এলাকা হয়ে ওঠায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটকদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে অংশ নেওয়া গাজীপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ অংশ নেয়। আপনারা জানেন মাজার বস্তি যে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ছিনতাইয়ে এসব এলাকার মানুষ জড়িত। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা আজ অভিযান চালাই। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বিভিন্ন ধরনের মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র জব্দ করেছি।
তিনি বলেন, রমজান মাসে এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতো বলে আমাদের ধারণা ছিল। সে কারণেই আমাদের এই অভিযান। অভিযানে কিছু নগদ টাকা জব্দ করা হয়েছে। এগুলো গণনা চলছে। গণনা শেষ হলে মোট কত টাকা হলো তা বলতে পারব। আজকের এই অভিযানে ৬০ জনের মতো মাদকসেবী, মাদক ব্যবসায়ী এবং যারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত, চিহ্নিত, আমাদের তালিকাভুক্ত ছিল তাদের আটক করা হয়েছে।
পলাশ প্রধান/অমিয়/