ঘুষের ১০ হাজার টাকাসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২-এর ৪ নম্বর ওয়ার্ডের সচিব কুতুবউদ্দিন সোহেলকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে ডিএসসিসির সংশ্লিষ্ট ওয়ার্ড কার্যালয়ে ফাঁদ অভিযান চালিয়ে কুতুবউদ্দিনকে হাতেনাতে গ্রেপ্তার করে দুদকের একটি বিশেষ টিম।
রাজধানীর সবুজবাগের পূর্ব বাসাবো এলাকার লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার সাইফুল ইসলামের দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে ফাঁদ অভিযান চালায় দুদক।
অভিযোগে বলা হয়, নির্মাণাধীন ডায়াগনস্টিক সেন্টারটি চালু করার জন্য ছাড়পত্র চেয়ে সিটি করপোরেশনে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন করেন সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিব কুতুবউদ্দিন সোহেল। পরিদর্শনে কোনো রকম ত্রুটি না পেলেও তিনি ছাড়পত্র দিতে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এমনকি দাবি করা টাকা না পেলে কোনোভাবেই ছাড়পত্র দেওয়া হবে না বলে হুমকি দেন কুতুবউদ্দিন। নিরুপায় হয়ে এবং কৌশলগত কারণে ঘুষের টাকা দিতে সম্মত হন ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার সাইফুল ইসলাম। একই সঙ্গে তিনি পুরো বিষয়টি উল্লেখ করে দুদকে লিখিত অভিযোগ দাখিল করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে গতকাল ফাঁদ অভিযান পরিচালনা করেন দুদক কর্মকর্তারা।
সিফাত/