রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে ঘণ্টাখানেকের ব্যবধানে কুপিয়ে ও গুলি করে দুজনকে হত্যার খবর পাওয়া গেছে।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান ও আদাবরের নবোদয় হাউজিংয়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এ দুই হত্যাকাণ্ডের ঘটনায় পুরো মোহাম্মদপুর ও আদাবর এলাকায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।
মোহাম্মদপুর থানার ওসি ইফতেখার হাসান গণমাধ্যমকে বলেন, ‘চাঁদ উদ্যান সড়কের লাউতলায় পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা আল আমিন নামে একজনকে কুপিয়ে হত্যা করে। ৩০ বছরের এ যুবকের ব্যাপারে বিস্তারিত জানাতে পারেননি তিনি।’
এর এক ঘণ্টা পর আদাবরের নবোদয় হাউজিংয়ে নিজ বাসার সামনে ইব্রাহিম নামে একজনকে গুলি করে হত্যা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ৮টার দিকে নবোদয় হাউজিং ১০ নম্বর রোডে বায়তুল মামুর জামে মসজিদের সামনে সালিশ বৈঠক চলছিল। এ সময় মোটরসাইকেলে করে তিনজন লোক এসেই ইব্রাহিমকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আদাবর থানার এস আই আলমগীর হোসেন বলেন, ‘গুলি করে পালিয়ে যাওয়ার সময় সজীব ও রুবেল নামে দুজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।’
প্রাথমিকভাবে জানা গেছে, ইব্রাহিম গাড়িচালক। নবোদয় হাউজিংয়ের ৬/এ সড়কের ১০ নম্বর বাসার তিনতলায় তিনি ভাড়া থাকতেন। তার একটি মেয়ে রয়েছে। তাকে হত্যার কারণ নিশ্চিত নয় পুলিশ।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, ‘আমরা ঘটনাস্থলে আছি। দুটি হত্যার ঘটনা নিয়েই কাজ করছি। দ্রুত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’