বগুড়ায় সপ্তাহের ব্যবধানে আবারও জোড়া খুনের ঘটনা ঘটেছে। প্রেমের ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৬ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে বগুড়া সদরের ১৪নং ওয়ার্ডের হরিগাড়ী পশ্চিমপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী লাইলী বেগম (৭০) ও তার ছেলে বুলবুলে পারভেজের স্ত্রী হাবিবা বেগম (২২)।
এ ঘটনায় আহত হয়েছেন হাবিবার ননদ মোছা. বন্যা খাতুন। তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনায় বর্ণনা দিয়ে প্রতিবেশী ও আহত বন্যার বান্ধবী সোনিয়া খাতুন মালা জানান, সৈকত নামের এক ছেলের সঙ্গে বন্যার প্রেমের সম্পর্ক তৈরি হয়। কিছুদিন পর বন্যা জানতে পরেন, সৈকত নেশাগ্রস্ত। পরে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বন্যা। এর জেরে সৈকত এই হত্যাকাণ্ড ঘটায়।
স্থানীয়রা জানায়, বাড়িতে কোনো পুরুষ না থাকায় পরিবারের লোকজন রাতের খাবার শেষে যার যার ঘরে ঘুমাতে যান। কিছুক্ষণ পর ওই বাড়িতে চিৎকার শোনা যায়। পরে লোকজন গিয়ে তিনজনের গলায় ধারালো অস্ত্রের আঘাত দেখতে পান। এলাকার লোকজন তাদের বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান জানান, এ ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারে কাছে হস্তান্তর করা হবে।
এই ঘটনার এক সপ্তাহ আগে গত ৮ জুলাই দুপচাঁচিয়া উপজেলার লহ্মীমন্ডপ গ্রামে শ্বশুর আফতাব আলী ও ছেলের বউ রিভা খাতুনকে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রিপন দাস/অমিয়/