জমি নিয়ে বিরোধের পাশাপাশি চাঁদা না পাওয়ায় বগুড়ার শাজাহানপুরে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত ২৮ জুলাই সকালে শাজাহানপুরের খরনা ইউনিয়নের ভাদাইকান্দি গ্রামে হামলার শিকার হন তিনি।
নিহত ব্যক্তি হলেন ওই গ্রামের আফসার আলীর ছেলে আল আমিন (৩৫)। তিনি বগুড়া শহরের ছহির উদ্দিন নিউ মার্কেটে চুড়ি-ফিতার ব্যবসা করতেন।
আল আমিনের স্ত্রী সালমা বেগমসহ পরিবারের সদস্যদের দাবি, ‘দেড় বছর ধরে প্রতিবেশী নূরুল ইসলাম, আবু হোসেন ও ফজলুল হকের সঙ্গে আল আমিনের জমি নিয়ে বিরোধ চলছিল। আল আমিনের এক একর কৃষিজমি দখলের চেষ্টা করছিল প্রতিপক্ষরা। তারা এক বছর আগে হামলা করে আল আমিন ও তার পরিবারের ওপর। সে সময় থানায় মামলা করেন আল আমিন।
সম্প্রতি অভিযুক্তরা মামলা তুলে নিতে চাপ দেয়। সেই সঙ্গে মামলার খরচের দুই লাখ টাকা দাবি করে। টাকা না দিলে তাকে হত্যার ঘোষণাও দেয় অভিযুক্তরা। কিন্তু আল আমিন মামলা প্রত্যাহার ও টাকা দিতে অস্বীকার করেন। একপর্যায়ে ২৮ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময় আল আমিনকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। তার বাবা আফসার আলীর ওপরও হামলা করা হয়।
এ সময় আল আমিনের কাছ থেকে ১ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।’ আল আমিনের প্রতিবেশী জাহিদ হাসান বলেন, ‘ব্যবসার জন্য নেওয়া লোনের কিস্তি শোধ করার জন্য ব্যাগে টাকা নিয়ে যাচ্ছিলেন আল আমিন। সম্ভবত এ তথ্য চাঁদাবাজরা আগেই জেনে যায়। সে কারণে প্রকাশ্যেই তার ওপর হামলা করে।’
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় শাজাহানপুর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।