অন্তত ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৭৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এবং তার স্ত্রী মে হ্লা প্রুর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (৩ আগস্ট) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা দুটি দায়ের করা হয়। এতে উশৈ সিং-এর বিরুদ্ধে ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও প্রায় সাড়ে ৫৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং তার স্ত্রীর বিরুদ্ধে তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অন্তত সাড়ে ১৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
বীর বাহাদুর উশৈ সিংয়ের বিরুদ্ধে করা মামলায় বলা হয়, তিনি মন্ত্রী থাকার সময় ক্ষমতার অপব্যবহার ও ঘুষ-দুর্নীতির মাধ্যমে ৯ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৪৬৪ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তিনি নিজের ১৩টি ব্যাংক অ্যাকাউন্টে ৫৮ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ৫০৭ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
মে হ্লা প্রু-এর বিরুদ্ধে করা মামলায় বলা হয়েছে- তিনি স্বামীর সহায়তায় ৩ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার ৭৪ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে তিনি নিজের ৬টি ব্যাংক অ্যাকাউন্টে ১৫ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ১৮৪ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এ মামলায় উশৈ সিংকে সহযোগী আসামি করা হয়েছে।
উভয় মামলায় বলা হয়েছে- আসামিরা সম্পদের উৎস গোপন করতে তাদের অর্থসম্পদ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করেছেন। যা ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন, ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইন ও ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।