সাতক্ষীরার শ্যামনগরে যৌথবাহিনীর অভিযানে দেশীয় পিস্তল ও দেশীয় অস্ত্রসহ হাবিবুর রহমান নামের এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে সেনাবাহিনী কালিগঞ্জ ক্যাম্প থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে সোমবার (২৬ জানুয়ারি) রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের নিদয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ সময় তার বসতবাড়ির সামনে থাকা ধানের গোলা থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় এবং ঘর থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আটক আসামি শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের নিদয়া গ্রামের বাসীন্দা।
সেনা ক্যাম্প সূত্র জানিয়েছে, গোপন সূত্রের ভিত্তিতে কালিগঞ্জ সেনা ক্যাম্প কর্তৃক পরিচালিত সেনাবাহিনী ও ১৭ বিজিবির সমন্বয়ে গঠিত একটি টিম জানতে পারে শ্যামনগর উপজেলার নিদয়া এলাকায় হাবিবুর রহমান আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ নিজ বাড়িতে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী হাবিবুর রহমানের বাড়ি ঘেরাও করে। দীর্ঘ সময় ধরে পরিচালিত এ অভিযানে তার বাড়িতে তল্লাশি করে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করে তার থেকে উদ্ধারকৃত অস্ত্রসহ ১৭ বিজিবির মাধ্যমে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।
যৌথবাহিনী সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সুলতান/নাঈম/