টাঙ্গাইলের ভূঞাপুরে দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
গত সোমবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার মেঘারপটল গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে ভুক্তভোগীর স্বামী নাজমুল টাঙ্গাইল যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্তরা হলেন, একই এলাকার শহিদুল (৩০), সোহেল (২৫), এনামুল (৩২) এবং আল আমিন (৩০)।
অভিযোগ সূত্রে জানা যায়, মেঘারপটল গ্রামের নাজমুলের বাড়িতে একই এলাকার শহিদুলসহ চার ব্যক্তি ভোট চাইতে যান। এ সময় বাড়িতে কেউ না থাকায় ওই গৃহবধূ তাদের চলে যেতে বলেন। অভিযুক্তরা তাকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিতে চাপ দেন। গৃহবধূ জানিয়ে দেন, তিনি ভোটার নন এবং তার পরিবারের সবাই ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেবেন। এতে ক্ষিপ্ত হয়ে চারজনের মধ্যে শহিদুল নামের একজন হঠাৎ গৃহবধূকে জড়িয়ে ধরে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। অন্যরা তার কাপড় খুলে ফেলার চেষ্টা করেন এবং দলবদ্ধভাবে ধর্ষণের চেষ্টা চালান।
এ সময় গৃহবধূ চিৎকার করলে আশেপাশের লোকজন আসলে অভিযুক্তরা পালিয়ে যান।
যাওয়ার সময় তারা ঘটনাটি জানাজানি হলে পরে এসে তুলে নিয়ে নির্যাতনের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
মামলার তদন্ত কর্মকর্তা ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেমরাজুল ইসলাম রুবেল বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
জুয়েল রানা/অমিয়/