চট্টগ্রামে কোতোয়ালী থানাধীন মাস্টারপুল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে মিনহাজ নামে এক ব্যক্তির হাতের কব্জি বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষ। জানা গেছে আহত ব্যক্তি একজন যুবদল কর্মী। এ ঘটনার জেরে পাল্টা হামলায় আরও একজন আহত হয়েছেন এবং কয়েকটি ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইকবাল হোসেন খবরের কাগজকে জানান, আহত ব্যক্তির রাজনৈতিক পরিচয় তার জানা নেই। তবে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে একা পেয়ে বিরোধী পক্ষ তার হাতের কব্জি কেটে দিয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত কোনো পক্ষ থানায় আসেনি। তবে পুলিশ এলাকায় টহল দিচ্ছে। অপরাধীকে গ্রেপ্তার চেষ্টা চলছে।
এদিকে, স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, আহত মিনহাজ মাস্টারপুল এলাকার মৃত মিজানের পুত্র জাকির গ্রুপের অনুসারী হিসেবে পরিচিত। অন্য আহত ব্যক্তি আরমান প্রকাশ এঞ্জেল বউ বাজার এলাকার মৃত রফিকের পুত্র এবং সবুজ গ্রুপের অনুসারী বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বলুয়ার দিঘীরপাড় এলাকা থেকে আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে মিনহাজের ওপর অতর্কিত হামলা চালিয়ে তার একটি হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
তার ওপর হামলার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ বাকলিয়ার বউ বাজার আহমদুর রহমান সড়কের মসজিদসংলগ্ন এলাকায়
পাল্টা হামলা চালায় তার অনুসারীরা। এ সময় আরমান প্রকাশ এঞ্জেলের ওপর হামলা চালানো হয় এবং তার বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
উল্লেখ্য, এর আগে গত ৫ এপ্রিল বাকলিয়া থানার মিয়া খান নগর ময়দার মিল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন আহত হন। ওই ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করে। একই ঘটনায় রবিবার রাতে শওকত নামে একজনকে আটক করা।
নাঈম/