গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাটগাতী ইউনিয়নের নবুখালী গ্রামের হীরা বাড়িতে আয়োজন করা হয়েছিলে ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে বাগেরহাটের মোল্লারহাট উপজেলার ২৩ বছর বয়সী জয় চৌধুরীর বিয়ের আনুষ্ঠানিকতা, কিন্তু গোপন সংবাদ পেয়ে বিয়ে বাড়িতে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বরকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে প্রশাসন।
সোমবার (২৭ এপ্রিল) রাতে টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার এ সাজা ও জরিমানা প্রদান করেন।
সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার জানান, গোপন সংবাদ পেয়ে পাটগাতী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুবাষ বিশ্বাস ও স্থানীয় জনগণের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৭(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বর জয় চৌধুরীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে কিশোরী তুলি হীরাকে তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
বাদল সাহা/নাঈম