গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের পাঁচজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৮ মে) রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন– ফোরকান মিয়ার স্ত্রী শারমিন, তাদের তিন সন্তান মিম, মারিয়া, ফারিয়া এবং শারমিনের ভাই রসুল মিয়া।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফোরকান মিয়া এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় মরদেহগুলো দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম সংবাদমাধ্যমকে জানান, নিহতদের মধ্যে প্রবাসী মনিরের স্ত্রী ও সন্তান রয়েছেন। তবে নিহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
গাজীপুর পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন সংবাদমাধ্যমকে বলেন, ‘মনির হোসেনের স্ত্রী, তিন শিশু সন্তান ও শ্যালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।’
অমিয়/