সিলেট মহানগর বিএনপির নেতার নাসিম হোসাইনের বিকাশ ডিস্ট্রিবিউশন পয়েন্টের অর্ধকোটি টাকা লুটের ঘটনায় পুলিশ বিকাশের সুপারভাইজার ও কর্মীসহ ৯ জনকে মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়েছে।
রবিবার (১০ মে) সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানায়।
রবিবার পর্যন্ত লুটের টাকা উদ্ধার হয়নি। তবে টাকা উদ্ধার ও ঘটনা উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন এসএমপির এডিসি মোহাম্মদ মনজুরুল আলম।
এ ঘটনায় ডাকাতির মামলায় সন্দেহভাজন গ্রেপ্তাররা হচ্ছেন- দক্ষিণ সুরমা শেখপাড়ার শাহেদ আহমদ (৪২), কমলগঞ্জের কামাল হোসেন (৩৫), কানাইঘাটের আদনান (৩৮) ও আবু তাহের (২৬), জকিগঞ্জের রুপায়ন বিশ্বাস (৪০), দক্ষিণ সুরমার রোমান আহমদ (৪৪), রাজনগরের সালমান আহমদ (২৮), বিশ্বনাথের গোলাম শহীদ (২৯) এবং কানাইঘাটের জুনায়েদ (২২)।
এদের মধ্যে শাহেদ বিকাশ সিলেট অঞ্চলের সুপারভাইজার, আদনান, আবু তাহের ও রুপায়ন বিকাশকর্মী।
এদেরকে মোগলাবাজার থানার পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
মামলায় বলা হয়, নাসিম হোসাইন শুক্রবার সকালে ফেঞ্চুগঞ্জসহ ওই এলাকার ব্যবসায়ীদের দিতে ৮১ লাখ টাকা প্রাইভেটকারে করে পাঠান। দক্ষিণ সুরমার পারাইচকে আক্রান্ত হয় গাড়িটি। দুর্বৃত্তরা ৫০ লাখ ৫৭ হাজার টাকা লুটে নেয়।
অমিয়/