সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন এলাকা দিয়ে বয়ে যাওয়া চেঙ্গেরখাল নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে অভিযান চালিয়ে দুটি বাল্কহেডসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৭ মে) দুপুরে জালালাবাদ থানা পুলিশের একটি দল ১নং জালালাবাদ ইউনিয়নের আলীনগর পূর্বপাড়া এলাকায় চেঙ্গেরখাল নদীর তীরবর্তী স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, এসআই মো. আশরাফুল আলম টিপুর নেতৃত্বে জালালাবাদ থানা পুলিশের একটি দল জালালাবাদ ইউনিয়নের আলীনগর পূর্বপাড়া এলাকায় চেঙ্গেরখাল নদীর তীরবর্তী স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন করাকালে তারা ২টি স্টিলের বাল্কহেডসহ ১৬০০ ঘনফুট ভেজা বালু জব্দ করে এবং ঘটনাস্থল থেকে ৯ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা নেওয়া হয়েছে। একই ঘটনায় মোট ১০ জনকে আসামি করা হয়েছে এবং আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, সিলেট জেলার গোয়াইনঘাট থানার চৌধুরীকান্দি এলাকার ওমর বিশ্বাস (২৫), মুনসুর মিয়া (৩০), রতন বিশ্বাস (২০), শুকলাল বিশ্বাস (১৯), শরীফ মিয়া (১৯), তানভীর হোসাইন শুভ শামিম (১৯), দিলদার হোসাইন (২৭), রাসেল আহমদ (২২) ও একই এলাকার মনোয়ার হোসেন (২৫)।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, নদী ও তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করাকালে বালু ভর্তি ২টি বাল্কহেডসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উক্ত ঘটনায় গ্রেপ্তার ৯জন ও আরও ১জনসহ সর্বমোট ১০ জন আসামির বিরুদ্ধে জালালাবাদ থানার মামলা করা হয়েছে এবং আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নাঈম/