ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চার বছর বয়সী এক শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো. শাহ পরান (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (২৩ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ঝিলমিল আবাসিক এলাকার চন্ডীতলা মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শিশুটি বাসার সামনে খেলাধুলা করার সময় অভিযুক্ত ব্যক্তি তাকে চকলেট দেওয়ার কথা বলে নিয়ে যান। বিষয়টি স্থানীয় এক অটোচালকের নজরে এলে তিনি দ্রুত র্যাব-১০ এর টহলরত সদস্যদের খবর দেন। পরে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে।
আটক শাহ পরান পটুয়াখালী জেলার শেখহাটি এলাকার ছেলে। বর্তমানে তিনি দক্ষিণ কেরানীগঞ্জে ভাড়া বাসায় বসবাস করতেন।
র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) তাপস কর্মকার জানান, শিশুটিকে ধরে নিয়ে যাচ্ছে এমন খবর পেয়ে আমাদের টহল দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। আটক ব্যক্তিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
নয়ন/নাঈম