গাজীপুরের শ্রীপুরে মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে খোরশেদ আলম নামে মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। খোরশেদ ভিকটিমের বাবার চাচাতো ভাই হন।
খোরশেদ আলম (৫৫) শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি মসজিদে ইমামতি করেন।
এ ঘটনায় শ্রীপুর থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা করেছেন ভিকটিমের পরিবার।
শিশুটির স্বজনরা জানান, এক বছর আগে তিন সন্তান ফেলে মেয়েটির মা অন্যের সঙ্গে সংসার করছেন। বাবা সৌদি প্রবাসী। এরপর থেকেই ছেলে-মেয়েরা দাদার বাড়িতে থাকে। গ্রেপ্তার খোরশেদের স্ত্রী বিভিন্ন সময় ওই ছাত্রীকে রাতে তাদের ঘরে একই খাটে নিয়ে ঘুমাতো। চাচি ঘুমিয়ে পড়লে চাচা খোরশেদ তাকে যৌন নিপীড়ন করত।
কয়েক দিন আগে রাতে যৌন নিপিড়ন করে ও জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন খোরশেদ। এ সময় সে চিৎকার করলে খোরশেদের স্ত্রীর ঘুম ভেঙে যায়। ওই সময় কাউকে বিষয়টি না জানানোর জন্য হুমকি দেয় খোরশেদের পরিবার। তাই ভয়ে বিষয়টি কাউকে বলতে পারেনি সে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
পলাশ প্রধান/অমিয়/