রাঙ্গুনিয়ার ওমান প্রবাসী ওমর ফারুক (৩৫) হত্যাকাণ্ডের মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে হত্যাকাণ্ডে অভিযুক্ত লিয়াকত আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশের কাছে অপরাধ স্বীকার করেছেন অভিযুক্ত।
রবিবার (৭ জুন) রাতে দক্ষিণ রাঙ্গুনিয়া এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার লিয়াকত আলী ও নিহত ওমর ফারুক একই এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) বেলা ১১টার দিকে বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা পাহাড়ের অরিহুরার চরে একটি লিচু বাগান থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় মরদেহের হাত-পা বাঁধা ছিল এবং শরীর প্রায় অর্ধগলিত অবস্থায় ছিল।
পরবর্তীতে নিহতের পরিবারের সদস্য এবং পুলিশের যৌথ প্রচেষ্টায় মরদেহটি নিখোঁজ ওমান প্রবাসী ওমর ফারুকের বলে শনাক্ত করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে অভিযুক্ত। এই ঘটনার পেছনে আর কোনো চক্র বা ব্যক্তি জড়িত আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রবাসী ফারুককে কেন এবং কী কারণে এত নিখুঁত পরিকল্পনায় পাহাড়ের নির্জন লিচু বাগানে নিয়ে হত্যা করা হলো, তা জানতে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় পুলিশ।
নিহতের পরিবার আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
তৈয়্যবুল ইসলাম/তামান্না রুপা/